নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিমান্ডের আসামির দুই স্ত্রীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে মামলা হয়েছে। এতে পুলিশের এক এসআইয়ের দুই সোর্সকে (তথ্যদাতা) আসামি করা হলেও ওই পুলিশ কর্মকর্তার নাম বাদ দেওয়া হয়েছে। অবশ্য তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করেন পেশায় সবজি বিক্রেতা (৩৫) ওই আসামির দ্বিতীয় স্ত্রী। মামলার দুই আসামি হলেন থানার সহকারী পরিদর্শক (এসআই) আতাউর রহমানের সোর্স নজরুল ইসলাম ও মো. শুভ। এ দুজনকে শুক্রবার রাতে আটক করে পুলিশ।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. সরাফত উল্লাহ। তিনি বলেন, আটক দুই আসামিকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার দুই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এদিকে ভুক্তভোগী পরিবারের একটি সূত্র বলছে, এ ধর্ষণের ঘটনায় এসআই আতাউর জড়িত হলেও মামলায় তাঁর নাম না রাখতে পরিবারটিকে অব্যাহতভাবে হুমকি দিচ্ছে পুলিশ। এ ছাড়া তাদের ১ লাখ টাকা দেওয়ারও প্রলোভন দেখানো হয়েছে। এ কারণেই মামলায় আতাউরকে আসামি করা যায়নি। তাঁকে রক্ষার চেষ্টা করছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা।
ঘটনা তদন্তে জেলা পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ওই দুই নারীকে ধর্ষণের ঘটনায় আটক দুই সোর্সের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এসআই আতাউর এ ঘটনায় জড়িত নন। তাঁর সঙ্গে ওই দুই নারীর কোনো কথা হয়নি। এমনকি তিনি ঘটনাস্থলেই যাননি। এই কারণে তাঁকে আসামি করা হয়নি। তবে ‘দায়িত্বে অবহেলা’র অভিযোগে আতাউরকে সিদ্ধিরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আতাউরকে বাঁচানোর চেষ্টার অভিযোগ অস্বীকার করেন তিনি।
নারায়ণগঞ্জ শহরের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার ওই দুই নারী গত বুধবার রাতে ধর্ষণের শিকার হন। পরিবারের অভিযোগ, তাঁদের স্বামী একটি ডাকাতির মামলায় ২৯ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হন। ৩১ আগস্ট তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ডে নিয়ে নির্যাতনের ভয় দেখিয়ে তাঁর দুই স্ত্রীর কাছে ২৫ হাজার টাকা ঘুষ দাবি করেন সোর্স নজরুল ও শুভ। তাঁদের কথামতো ওই দুই নারী থানার অদূরে সোর্স নজরুলের ফ্ল্যাটে যান এবং ঘুষের ৬ হাজার টাকা দেন। বাকি ১৯ হাজার টাকা দিতে না পারায় সোর্স নজরুল ও শুভ দুজনকে ধর্ষণ করেন। রাত ১২টার দিকে এসআই আতাউরও ফ্ল্যাটে গিয়ে আসামির দ্বিতীয় স্ত্রীকে ধর্ষণ করেন। অভিযোগ তদন্তে জেলা পুলিশ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।