আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পুলিশের হাতে ধরা পড়া ফেনসিডিলসহ আটক দুই তরুণকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে ছাত্রলীগ নেতা-কর্মীদের একটি দল। গত শনিবার মধ্যরাতে নগরের কুমারপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে জেলা ছাত্রলীগের চার নেতাসহ ১১ জনকে আটক করেছে।
গতকাল রোববার সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে মাদক আইনে একটি ও পুলিশের ওপর হামলা করে আটককৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে অপর একটি মামলা দায়ের করেন। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার পুলিশ সূত্র জানায়, ফেনসিডিলসহ আটক দুজন হচ্ছেন ইমন দাস (২৫) ও মনিরুল ইসলাম (২৪)। তাঁদের কাছ থেকে ৪৩ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-১৪-৮৬১৬) জব্দ করা হয়েছে। পুলিশের ওপর হামলা করে আটককৃতদের ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহেদ আহমদ, সহসম্পাদক সৌরভ তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাসুদ আহমদ, সাহিত্য সম্পাদক শামসুজ্জামান, নগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুজেল তালুকদার রয়েছেন।
সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, আটক ১৩ জনকে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মহানগর পুলিশের রাতের পালার পুলিশ সূত্র জানায়, শনিবার দিবাগত মধ্যরাতে নগরের কুমারপাড়ায় টহল পুলিশের হাতে ধরা পড়েন ইমন ও মনিরুল। এর মধ্যে ইমন নিজেকে সংগীতশিল্পী পরিচয় দিয়ে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। টহল পুলিশ তাঁদের ব্যবহৃত প্রাইভেট কারে ৪৩ বোতল ফেনসিডিল পাওয়ায় দুজনকে আটক করে কোতোয়ালি থানায় খবর দেয়। উপপরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গেলে ইমন ও মনিরুলের মাধ্যমে খবর পেয়ে ছাত্রলীগের অন্তত ১৫ জন নেতা-কর্মী জড়ো হন। তাঁরা দুজনকে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ করেন। পুলিশ থানায় গিয়ে এ অনুরোধ করার কথা বললে সুজেল ও মাসুদ পুলিশের ওপর চড়াও হয়ে আসামি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি হয়। খবর পেয়ে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে কৌশলে সবাইকে থানায় নিয়ে আসে। গতকাল সকালে দুটি মামলা দায়ের করে ১৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে চারজন পদধারী নেতা, বাকিরা কর্মী বলে নিশ্চিত করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ। ঘটনা সম্পর্কে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা শুনেছি একজন সংগীতশিল্পী পুলিশের হাতে আটক হওয়ার খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে গিয়েছিলেন। যেহেতু ঘটনাটি তদবির থেকে ঘটেছে এবং মামলাও হয়েছে, তাই আমরা রাজনৈতিকভাবে দেখছি না।’