আটক দুর্বৃত্তদের উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে ডাকাত সন্দেহে আটক চার যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ গ্রামবাসী আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানার ওসিসহ পুলিশ সদস্যদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে ক্ষুব্ধ গ্রামবাসী। এ সময় ক্ষুব্ধ জনতা যুবকদের আশ্রয় নেওয়া একটি বসতঘর ভাঙচুর ও তাদের (যুবকদের) বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে ভোর পাঁচটার দিকে সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) কাজী এহসানুল কবির জেলা পুলিশ লাইন থেকে দাঙ্গা পুলিশ নিয়ে শটগানের ৬৫টি গুলি ও তিন-চারটি টিআর গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ওসিসহ পুলিশ সদস্য ও আটক যুবকদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
আট চার যুবক হলেন নুর মোহামঞ্চদ ওরফে রুবেল (২১), শাহ আলম (২১), এমরান হোসেন ওরফে সজল (২০) ও সাব্বির হোসেন (১৯)। আটক যুবকদের থানাহাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। আজ সোমবার তাঁদের নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক দুইটার দিকে ১৪-১৫ জনের একদল দুর্বৃত্ত তিনটি অটোরিকশাযোগে এসে প্রবাসী আবু তাহেরের বসতঘরের দরজা-জানালা ভাঙা শুরু করে। এ সময় ভেতর থেকে পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে আশপাশের মানুষজন এগিয়ে এসে বাড়ি ঘেরাও করে ফেলে।
একপর্যায়ে দুর্বৃত্তদের চারজন একই বাড়ির নুরুল ইসলামদের ঘরে ঢুকে পড়ে। এ সময় গ্রামবাসী ঘরে ঢুকে পড়া দুর্বৃত্তদের ডাকাত হিসেবে গণপিটুনি দিতে থাকেন। খবর পেয়ে সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুর্বৃত্তদের উদ্ধার করতে গিয়ে নিজেরাই অবরুদ্ধ হয়ে পড়েন। এ ঘটনা শুনে সেখানে আরও পুলিশ নিয়ে যান ওসি গাজী সাখাওয়াত হোসেন। তাঁকেও গ্রামবাসী ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। ক্ষুব্ধ গ্রামবাসী এ সময় দুর্বৃত্তদের বহনকারী একটি অটোরিকশায় অগ্নিসংযোগ করে পুড়ে দেয়। পরে ভোর পাঁচটার দিকে এএসপি সার্কেল কাজী এহসানুল কবির দাঙ্গা পুলিশ নিয়ে টিয়ার গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে পুলিশ সদস্য এবং আটক যুবকদের উদ্ধার করেন।
এএসপি কাজী এহসানুল কবির মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শটগানের গুলি ও কয়েকটি টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।