আটক পণ্যের অংশ প্রণোদনা হিসেবে চেয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ কর্মকর্তারা আটক করা অবৈধ পণ্যের একটি অংশ প্রণোদনা (ইনসেনটিভ) হিসেবে তাঁদের দিয়ে দেওয়ার প্রস্তাব করেছেন। গতকাল মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বৈঠকে আরও বেশ কিছু বিষয়ের সঙ্গে এ দাবিটি তোলা হয়। বার্ষিক পুলিশ সপ্তাহ উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পুলিশ কর্মকর্তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের পুলিশ সুপার থেকে শুরু করে আইজি পর্যন্ত সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে পুলিশ কর্মকর্তারা তাঁদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও অপরাধ দমন পরিস্থিতির উন্নয়নে সরকারি সহায়তা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন। এ ছাড়া নারীবিষয়ক অপরাধ নিয়ন্ত্রণে সংবাদ পরিবেশনায় গণমাধ্যমের সতর্কতার ওপর জোর দেন তাঁরা। সকালে পুলিশ সপ্তাহের উদ্বোধনের পর অনুষ্ঠিত এ বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ‘পুলিশ এখন অনেক এগিয়ে গেছে। এখন জনগণের বন্ধু হিসেবে পুলিশকে গড়ে তোলা হচ্ছে।’ আইজির বক্তব্যের পর উন্মুক্ত আলোচনায় জেলার পুলিশ সুপাররা কাজ করতে গিয়ে যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তা তুলে ধরেন।খুলনার পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী বলেন, বিডিআর ও কাস্টমস সদস্যরা আটক করা চোরাই পণ্যের একটি অংশ পেয়ে থাকেন। কিন্তু পুলিশ এর কিছুই পায় না। পুলিশকে এ সুযোগ দেওয়া হলে চোরাই পণ্য আটকের পরিমাণ বাড়ত। লক্ষ্মীপুরের পুলিশ সুপার নজরুল হোসেন নারীবিষয়ক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ‘নতুন নীতিমালা’ প্রয়োজন বলে মত দেন। তিনি বলেন, ‘গণমাধ্যমে নারীবিষয়ক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নীতিমালা প্রয়োজন। দেখা যায়, অনেক ক্ষেত্রে এ ঘটনা নতুন অপরাধেরও জন্ম দেয়। অনেক পরিবার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। নীতিমালা থাকলে এমন হওয়ার আশঙ্কা থাকবে না।’এ ছাড়া পুলিশ বাহিনীতে তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সমস্যা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী তৎপরতা রোধে প্রযুক্তির অভাবের কথা তুলে ধরেন দুজন এসপি। ঝিনাইদহের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ ডিআইজির নেতৃত্বে দেওয়া হলে সমস্যা থাকবে না। চুয়াডাঙ্গার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গেলে অপরাধ নিয়ন্ত্রণ করা আরও সহজ হবে। পুলিশ স্বাধীনতা যুদ্ধে প্রথম প্রতিরোধ করলেও এ বাহিনীকে স্বাধীনতা পদক দেওয়া হয়নি বলে আক্ষেপ করেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হাবিবুর রহমান।ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়া তুলে ধরেন পুলিশ কর্মকর্তাদের মোবাইল ফোনের বিলের বিষয়টি। তিনি বলেন, থানার কর্মকর্তারা কিছুই পান না। তাঁরা বিল দেন নিজের পকেট থেকে। নতুন স্কেলে উৎসবের পোশাক ভাতা কমিয়ে দেওয়াকে ‘বিস্ময়কর’ বলে উল্লেখ করেন ডিআইজি। সদর দপ্তরের এআইজি শাহ আলম বলেন, সরকার ডিজিটাল পুলিশের কথা বলছে। অথচ এ বছর পুলিশ বাহিনীতে কম্পিউটার কেনার জন্য একটি টাকাও বরাদ্দ দেওয়া হয়নি। তিনি বলেন, এসএমএস ব্যবহার করে পুলিশের কাজে গতি আনতে একটি ‘ক্ষুদ্র নম্বরের’ (৭৩৭৩ ও ৭৪৭৪) জন্য এক বছর ধরে বিটিআরসিতে চিঠি লেখালেখি হচ্ছে। কিন্তু কাজ হচ্ছে না।দেশের বৃহত্তম ধর্মীয় সমাবেশ ইজতেমার উদ্যোক্তাদের দুই পর্বে ছয় দিন ধরে এটি আয়োজনের পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেন গাজীপুরের পুলিশ সুপার মাহফুজুল হক নূরুজ্জামান। তিনি বলেন, ‘প্রশ্ন হলো, এত দিন ধরে তাঁদের নিরাপত্তা কীভাবে দেওয়া সম্ভব হবে। এটা একবারেই হওয়া উচিত।’ পুলিশের কর্মকর্তার সংখ্যা বাড়ানো হচ্ছে না বলে মন্তব্য করেন পুলিশ সদর দপ্তরের এআইজি ইব্রাহিম ফাতেমী। পুলিশ সমন্বয়ক ফণীভূষণ চৌধুরী বলেন, ‘পুলিশ যে সেবা দিচ্ছে সেটা সাধারণ মানুষ যদি বুঝতে পারে, তবেই সেটা সেবা হবে। তা না হলে শুধু নিজের ঢোল নিজে পিটিয়ে কোনো লাভ হবে না।’ তিনি কর্মকর্তাদের পাশাপাশি তৃণমূল পর্যায়ের মতামত নেওয়ার প্রস্তাব করেন। পুলিশ সুপারদের মতামতের পর স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার বলেন, ‘জনগণ যদি স্বীকার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এর চেয়ে বড় উন্নতি আর নেই।’ তিনি পুলিশের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা বলেন। সাইবার ও মানি লন্ডারিংয়ের মতো প্রযুক্তিনির্ভর অপরাধ মাথাচাড়া দিয়ে উঠছে বলে সতর্ক করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, এসব অপরাধ দমনে পুলিশকে তৈরি হতে হবে। দিনে দিনে এগুলো মারাত্মক আকার ধারণ করছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, অপশক্তি নিত্যনতুন কৌশল নিয়ে সংগঠিত হতে পারে। পুলিশকে সজাগ থাকতে হবে।