আটক পাঁচ যুবকের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের অদূরে জঙ্গি হামলার ঘটনায় আটক পাঁচ যুবকের জামিন আবেদন নামঞ্জুর করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জের ১ নম্বর আদালতের মুখ্য বিচারিক হাকিম মো. আ. ছালাম খান এ আদেশ দেন।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, শোলাকিয়ার ঘটনায় ওই পাঁচজনকে ঘটনাস্থলের আশপাশ থেকে আটক করা হয়েছিল। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এদিকে এই হামলার ঘটনায় রিমান্ডে থাকা সন্দেহভাজন জঙ্গি জাহিদুল হক ওরফে তানিমকে গতকাল দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার আদালত জাহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মুর্শেদ জামান বলেন, আসামি জাহিদুল হককে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখনই তা বলা যাচ্ছে না।
মামলার প্রধান আসামি হামলার সময় গুলিবিদ্ধ শফিউল ইসলামকে র্যা বের হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিছুটা সুস্থ হলেই তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন র্যা বের কর্মকর্তারা।
গতকাল দুপুরে হামলাস্থল ও নিহত ঝর্ণা রানী ভৌমিকের বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ। তাঁরা নিহত ঝর্ণা রানীর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সিপিবি এবং বাসদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
জঙ্গি হামলার পর ছয় দিন পেরিয়ে গেলেও এখনো আতঙ্ক কাটেনি এলাকাবাসীর। পুলিশের ওপর হামলার ঘটনাস্থলটি সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘিরে রেখেছে।
গত বৃহস্পতিবার ঈদের দিন শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিমুদ্দিন স্কুলের পাশে পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় পুলিশের দুই সদস্য, এক নারী, সন্ত্রাসীসহ চারজন নিহত হন। ঘটনার পর দুই সন্দেহভাজন জঙ্গিসহ সাতজনকে আটক করে পুলিশ।