আটক পুলিশের তথ্যেই মিলল স্বর্ণের ১৪৯ বার

রাজধানীর রামপুরায় গাড়ি থেকে গায়েব হওয়া স্বর্ণের বারগুলোর মধ্যে ১৪৯টি উদ্ধার করা হয়েছে ওই গাড়িটি ধাওয়া করা পুলিশ সদস্যদের তথ্যের ভিত্তিতে। এ ঘটনায় রামপুরা থানা পুলিশের এক কর্মকর্তাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির কর্মকর্তারা জানান, এখনো ১৬টি স্বর্ণের বারের সন্ধান মেলেনি। গ্রেপ্তার হওয়া চারজন হলেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল আলম, কনস্টেবল ওয়াহেদুল ইসলাম ও আকাশ চৌধুরী এবং পুলিশের তথ্যদাতা (সোর্স) রনি। আটকের পর জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর, বগুড়া ও নারায়ণগঞ্জে বিভিন্ন বাড়িতে লুকিয়ে রাখা ১৪৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর মধ্যে গত সোমবার রাতে ৬৩টি উদ্ধার করা হয় বগুড়ার সোনাতলা উপজেলার পোড়া পাইকার গ্রামে কনস্টেবল ওয়াহেদুলের ঘরের মেঝে খুঁড়ে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামানের বরাত দিয়ে আমাদের বগুড়া প্রতিনিধি জানান, পোড় পাইকার গ্রামে সোমবার রাতে কনস্টেবল ওয়াহেদুলের বাড়িতে অভিযান চালায় ঢাকার ডিবি পুলিশ। ওয়াহেদুলের ঘরের মেঝে খুঁড়ে ৬৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

গায়েব হওয়া স্বর্ণের বার উদ্ধার ও চারজনকে গ্রেপ্তারের বিষয়ে গতকাল মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং করে ডিবি পুলিশ। ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গত ১৩ মার্চ রাতে এসআই মঞ্জুরুল আলমের নেতৃত্বে রামপুরা থানার টহল পুলিশ সন্দেহজনক একটি ব্যক্তিগত গাড়ি ধাওয়া করে। একপর্যায়ে বনশ্রী বালুর মাঠে গাড়িটি ফেলে আরোহীরা পালিয়ে যান। পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করে। কিছুদিন পর সমীর বিশ্বাস ও জাহিদ হোসেন নামের দুজন গাড়িটি ছাড়াতে থানায় যান। গাড়ির কাগজপত্রে ত্রুটি থাকায় ও তাঁদের আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তাঁরা জানান, গাড়িতে ২৩৫টি স্বর্ণের বার আছে। কিন্তু গাড়িতে তল্লাশি করে পাওয়া যায় ৭০টি বার। রামপুরা থানায় এ ব্যাপারে মামলা হলে তদন্তের দায়িত্ব পায় ডিবি।
মনিরুল বলেন, রিমান্ড ও আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতেও সমীর ও জাহিদ গাড়িতে ২৩৫টি বার থাকার কথা জানান। পুলিশের উদ্ধার করা স্বর্ণের বারের সংখ্যা ও তাঁদের তথ্যের ব্যাপক গরমিলের কারণে ডিবি অধিকতর তদন্তে নামে। জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বর্ণের বারগুলো দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দর হয়ে ঢাকায় আনা হয়েছিল। ১৩ মার্চ ধাওয়ার সময় গাড়িটিতে সমীর ও জাহিদের সঙ্গে অনীক নামের একজন ছিলেন। তাঁরা তাঁতীবাজার যাচ্ছিলেন। সমীর ভারতীয়। স্বর্ণের বারগুলো ভারতে পাচার করতে চেয়েছিলেন তাঁরা।
মনিরুল বলেন, একপর্যায়ে পুলিশ কর্মকর্তা মঞ্জুরুল, কনস্টেবল জাহেদুল ও আকাশ এবং সোর্স রনি আটকের পর জিজ্ঞাসাবাদে জানান, বাকি স্বর্ণের বারের অধিকাংশই তাঁরা আত্মসাৎ করে বিভিন্ন জায়গায় রেখেছেন।
ডিবির কর্মকর্তারা জানান, বাকি ১৬টি স্বর্ণের বারের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় আরও কেউ সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ওই তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা ছাড়াও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিমানবন্দরে সোয়া সাত কেজি স্বর্ণ আটক: কাস্টমস শুল্ক বিভাগ সূত্র জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বেলা ১১টার দিকে দুবাই থেকে আসা দুই যাত্রীকে সোয়া সাত কেজি ওজনের ৬২টি স্বর্ণের বারসহ আটক করা হয়েছে। ওই দুজন হলেন দুলাল হোসেন ও সাইদুর রহমান। তাঁদের বাড়ি কুমিল্লায়। তাঁরা বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল দিয়ে বের হওয়ার সময় স্বর্ণের বারগুলোসহ আটক করা হয়।
কাস্টমসের শুল্ক বিভাগের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।