আটক ফেনসিডিল ছিনিয়ে নিল মাদক ব্যবসায়ীরা
লালমনিরহাট সদর উপজেলায় জনগণের হাতে আটক এক বস্তা ফেনসিডিল ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়ীরা। এ ছাড়া তারা মাদক আটকে জড়িত এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
গত শুক্রবার উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামের বাঘডোরা বাজারে এ ঘটনা ঘটে।
হামলা ও ভাঙচুরের শিকার বাঘডোরা বাজারের মুদিদোকানি আবদুস সোবাহান বাদী হয়ে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে লালমনিরহাট সদর থানায় মামলা করেছেন। মামলায় ১২ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বাঘডোরা বাজার এলাকায় সচেতন জনতা ফেনসিডিল আটক করেছে—এমন তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মাদক ব্যবসায়ী ও তাদের লোকজন সেগুলো কেড়ে নিয়ে গেছে।
হামলায় ক্ষতিগ্রস্ত আবদুস সোবাহান বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার সকাল ১০টার দিকে কালমাটি গ্রামের মো. দৌলত (২৮) এক বস্তা ভারতীয় ফেনসিডিল নিয়ে তিস্তা নদীর দিকে যাচ্ছিলেন। এ সময় একই এলাকার আহম্মদ আলী ও এলাকার কয়েকজন তাঁকে থামালে উভয়পক্ষে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে কালমাটি গ্রামের মশিয়ার রহমানসহ (৩৫) কয়েকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আটক ফেনসিডিলের বস্তাটি ছিনিয়ে নিয়ে যায়। এরপর আসামিরা সকাল সাড়ে ১০টার দিকে বাঘডোরা বাজারের আবদুস সোবাহানের মুদিদোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। মুদিদোকান ভাঙচুরের সময় আসামি মশিউর রহমানের মাথায় টিন লেগে তিনি জখম হন।
মামলার বাদী আবদুস সোবাহান বলেন, ‘আমার চাচাতো ভাই আহম্মদ আলী এলাকাবাসীর সহায়তায় এক বস্তা ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী দৌলতকে আটক করে। পরে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা আমার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।’