মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর সীমান্ত থেকে গত শুক্রবার ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কৃষক ফাকের আলীকে (৪৫) ফেরত দেয়নি বিএসএফ। তাঁকে ভারতের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলদেশের (বিজিবি) সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গতকাল শনিবারের পতাকা বৈঠক নিষ্ফল হয়েছে।বিজিবি জানায়, গতকাল দুপুরে সীমান্তের ১৩২ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের রাউতবাড়ি ক্যাম্পের অধিনায়ক পিএন সিং উপস্থিত ছিলেন।বিজিবির কাথুলি কোম্পানি অধিনায়ক জুলফিকার আলী জানান, বৈঠকে আটক বাংলাদেশিকে ফেরত দেওয়ার দাবি জানানো হয়। তবে বিএসএফ জানিয়েছে, অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশিকে নদীয়া জেলার করিমপুর থানায় সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে। তাই তাঁকে ফেরত দেওয়া সম্ভব নয়। বিজিবি ও এলাকাবাসীর ভাষ্যমতে, ফাকের আলী শুক্রবার সীমান্তসংলগ্ন নিজ জমিতে চাষাবাদ করছিলেন। এই সময় বিএসএফ বাংলাদেশের ভেতরে প্রবেশ করে তাঁকে ধরে নিয়ে যায়। তবে বিএসএফের দাবি, ফাকের সীমান্ত চোরাচালান দলের সক্রিয় সদস্য। তাঁকে ভারতের ভূখণ্ড থেকে আটক করা হয়।