আওয়ামী ওলামা লীগের একাংশের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালীকে ছুরিকাহত করার ঘটনায় আটক যুবক মো. মুজাহিদকে (১৮) চার দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত শুক্রবার রাজধানীর পল্টনে বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় দক্ষিণ ফটকে এক যুবক হেলালীকে ছুরিকাঘাত করেন। তখন আশপাশে থাকা লোকজন ছুরিসহ ওই যুবককে ধরে পুলিশের কাছে দেয়। তিনি নিজের নাম নাম মুজাহিদ বলে জানান। তাঁকে প্রথমে পল্টন থানায় ও পরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
পল্টন থানার পুলিশ জানায়, মুজাহিদ নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি করেছেন। তিনি হাজারীবাগের বায়তুল রসুল মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় মুজাহিদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়। মামলাটি ডিবিতে হস্তান্তরের পর গতকাল শনিবার তাঁকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবির উপকমিশনার (পূর্ব) মাহবুব আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলার ব্যাপারে মুজাহিদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁকে রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওলামা লীগের সভাপতি হেলালীকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।