আটক ব্যক্তিদের দাবি তাঁরা নিরীহ জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের সুন্দরবনসংলগ্ন পক্ষীদিয়া এলাকায় জলদস্যু সন্দেহে একটি ট্রলারসহ ১৬ ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। তাঁদের কাছ থেকে কোনো অস্ত্রশস্ত্র পাওয়া যায়নি।
আটক ব্যক্তিদের দাবি, তাঁরা সবাই সাধারণ জেলে। এফবি শাওন নামের ট্রলারে করে তাঁরা সাগরে মাছ ধরছিলেন। পক্ষীদিয়া এলাকা থেকে তাঁদের আটক করে বৃহস্পতিবার সন্ধ্যায় পাথরঘাটায় নিয়ে আসে কোস্টগার্ড।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সদস্যদের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার ভোররাতে বঙ্গোপসাগরের পক্ষীদিয়া এলাকায় এফবি মনোয়ারা-১, এফবি মনোয়ারা-২, এফবি কাজলসহ বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার ওই এলাকায় অবস্থান করে মাছ ধরছিল। এ সময় এফবি শাওন ট্রলারের জলদস্যুরা তাঁদের ধাওয়া করে জেলেদের ওপর হামলা চালায়।
দস্যুরা তিনটি ট্রলারের যন্ত্রপাতি অকেজো করে এসব ট্রলার থেকে প্রায় দুই হাজার ইলিশ মাছ, ৩৫০ লিটার জ্বালানি তেল, ট্রলারের ব্যাটারি ও বেশ কিছু মুঠোফোন লুট করে নিয়ে যায়। এ সময় দস্যুদের হামলায় দোলোয়ার ফরাজী, মুনসুর মিস্ত্রি, মো. মিলন, আবুল কালাম হাওলাদার, মো. ফিরোজসহ সাত জেলে আহত হন। জেলেরা মুঠোফোনে বিষয়টি কোস্টগার্ড সদস্যদের জানান। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের
সদস্যরা পক্ষীদিয়ার কাছাকাছি এলাকা থেকে এফবি শাওন ট্রলারকে ধাওয়া করে ১৬ জনকে আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন নূর আলম, মনির হোসেন, এনামুল হক, আমিনুল হক, ইদ্রিস আলী, জাকির হোসেন, শাহাদাত হোসেন, জিয়ারুল হক, জাফর হোসেন, শহিদুল ইসলাম, ফারুক হোসেন, নিজাম উদ্দিন, সরোয়ার হোসেন, আলতাফ হোসেন, ফারুক হোসেন ও আবদুল আজিজ। তাঁদের সবার বাড়ি বাগেরহাটের বিভিন্ন উপজেলায়।
আটক ব্যক্তিদের পক্ষে জিয়ারুল হক দাবি করেন, তাঁরা কোনো দস্যুতার সঙ্গে জড়িত নন। তাঁরা বাগেরহাটের রায়েন্দা এলাকার আবদুল মালেকের এফবি শাওন ট্রলারের সাধারণ জেলে। ভুল তথ্য দিয়ে তাঁদের আটক করা হয়েছে। তাঁরা নির্দোষ।
এ ব্যাপারে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শহীদ আল হাসান প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের বৃহস্পতিবার রাতে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।