আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ধরে নেওয়ার পর আটক করা ব্যক্তিদের লাশ পাওয়ার বিষয়ে সরকারি ব্যাখ্যার দাবি জানিয়েছে মানবাধিকারবিষয়ক বেসরকারি সংগঠন অধিকার। আগস্ট মাসের প্রতিবেদনে সংগঠনটি এ দাবি জানায়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আগস্টে আগের মাসের তুলনায় বেশি মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়েছে।অধিকারের গতকাল শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আট ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন র্যাব এবং তিনজন পুলিশের হাতে মারা গেছেন। জুলাই মাসে একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছিল।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকের পর লাশ উদ্ধার ও নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অধিকার। প্রতিবেদনে এ প্রসঙ্গে গত ৫ আগস্ট গাজীপুরের পুবাইলে নাগদা ব্রিজের নিচে মিজানুর রহমান ও জুয়েল রানা নামের দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার এবং একই দিনে মুন্সিগঞ্জের সিরাজদিখানে সড়কের পাশ থেকে রাজীব নামের এক যুবকের লাশ উদ্ধার করার ঘটনা উল্লেখ করা হয়। নিহত ব্যক্তিদের সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলেন।প্রতিবেদনে গত ১২ আগস্ট রাজধানীর উত্তরায় র্যাবের গুলিতে পাঁচ যুবক নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়। র্যাব দাবি করেছে, নিহত ব্যক্তিদের সবাই ছিনতাইকারী।অধিকারের প্রতিবেদনে বলা হয়, ৩ আগস্ট পুরান ঢাকার ব্যবসায়ী তপন দাসকে গোয়েন্দা পুলিশ গেন্ডারিয়া থেকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে এখনো তাঁর খোঁজ পাওয়া যায়নি। অধিকারের হিসাব অনুযায়ী, গত মাসে চার ব্যক্তি গুম হয়েছেন। সংগঠনটি সরকারের কাছে দ্রুত নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। প্রতিবেদনে সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদের মৃত্যুর ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, র্যাবের বিরুদ্ধে মামলা করায় শরীয়তপুরের আবদুর রহমানকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন র্যাব সদস্যরা। তিনি বর্তমানে আত্মগোপনে আছেন। আবদুর রহমানের ছেলে মো. আফজাল খানকে (২১) র্যাব-৮-এর একটি দল ২০০৮ সালের ১৮ মার্চ গ্রেপ্তার করে। ২০ মার্চ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।অধিকারের পরিসংখ্যান অনুসারে, আগস্ট মাসে গণপিটুনিতে নয়জন মারা গেছেন। সংগঠনটির মতে, ফৌজদারি বিচারব্যবস্থার দুর্বলতা এবং বিচারব্যবস্থার প্রতি আস্থা কমে যাওয়ায় মানুষকে নিজের হাতে আইন তুলে নিচ্ছে।এ ছাড়া আগস্ট মাসে সারা দেশে ৪১ জন কিশোরী ও নারী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।