আটক মা-মাছ এতিমখানায় না দিয়ে ভাগ-বাঁটোয়ারা!
বান্দরবানের থানচিতে প্রায় ১০০ কেজি আটক বড় বড় মা মৃগেল মাছ এতিমখানায় না দিয়ে আটককারীরা নিজেরা ভাগ-বাঁটোয়ারা করে খেয়ে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। আট থেকে ১৫ কেজি ওজনের চারটি মাছ জেলা শহরের চারটি বাংলোতে পাঠানো হয়েছে বলেও গতকাল বৃহস্পতিবার অভিযোগে জানা গেছে। মাছ ব্যবসায়ী কেরানি অং মারমা ও বদিউল আলম অভিযোগ করেন, সাঙ্গু নদের বড় মদক এলাকা থেকে ধরা মাছগুলো তারা গত মঙ্গলবার বান্দরবানে নিয়ে আসার সময় কোনো কারণ ছাড়া উপজেলা চেয়ারম্যান ও পুলিশ আটক করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে তাঁর কার্যালয়ের সামনে গোলঘরে প্রকাশ্যে ভাগ-বাঁটোয়ারা করে জেলা শহরের বাংলোর বড় কর্তাদের জন্যও পাঠানো হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কিছু মাছ ভাগাভাগি হলেও কিছু অংশ বিক্রি করে প্রাপ্ত তিন হাজার ৫০০ টাকা মসজিদ ও মন্দিরে দেওয়া হয়েছে। ওসি বান্দরবানে একজন প্রকৌশলীর বাসায় একটি ও জেলার শীর্ষ তিনজনের বাংলোতে তিনটি বড় আকারের মাছ পাঠানোর কথা স্বীকার করলেও বাংলোগুলোর নাম বলতে রাজি হননি।জেলা মৎস্য কর্মকর্তা আবদুস সালাম বলেছেন, নিয়ম অনুযায়ী আটক মাছ হয় এতিমখানার এতিমদের জন্য দেওয়া হবে, না হলে তাৎক্ষণিকভাবে নিলামে বিক্রির প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। এ ছাড়া ভাগ-বাঁটোয়ারা করে নেওয়ার কিংবা কোনো বাংলোয় পাঠানোর কোনো সুযোগ নেই। মাছ বিক্রি করে ধর্মীয় প্রতিষ্ঠানে ও এতিমখানায় নগদ টাকা দেওয়ারও কোনো বিধান নেই বলে তিনি জানিয়েছেন। থানচির দুর্গম তিন্দু এলুাকার বাসিন্দা কেরানি অং মারমা বলেন, তিনি সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চলসংলগ্ন বড় মদক ও আন্ধারমানিক এলাকা থেকে ২৭ কেজি মাছ কিনে ও বাদ বাকিগুলো নিজে জাল ফেলে ধরেছেন। ১৪-১৫ কেজি ওজনের তিনটি, আট-দশ কেজির চারটিসহ দুটি ঝুড়িতে প্রায় ১০০ কেজি মাছ বান্দরবানের ব্যবসায়ী বদিউল আলমকে দেওয়ার কথা ছিল। মাছগুলো হারানোয় তিনি এখন সর্বস্বহারা বলে জানিয়েছেন। বান্দরবানের ব্যবসায়ী বদিউল আলম বলেন, অবৈধ মাছ হয়ে থাকলে তাদের জরিমানা করা হবে অথবা মাছ নিলামে বিক্রি হবে। কিন্তু ভাগ-বাঁটোয়ারা করে খাওয়ার জন্য আটক করা হলে ডাকাতির শামিল। থানচির উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবু ছালেহ্ আটক মাছ ভাগাভাগি করে নেওয়ার কথা অস্বীকার করে বলেন, তিনি নিজে দুই হাজার টাকার মাছ কিনেছেন। পরে আটক মাছ উপজেলা চেয়ারম্যান ও ওসি কী করেছেন, তাঁর জানা নেই বলে তিনি জানিয়েছেন। উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো বলেছেন, পাচারের কারণে থানচির মানুষ মাছ খেতে পারে না। এ জন্য পাচারের সময় প্রায় দুই মণ মাছ আটক করা হয়েছে। ভাগ-বাঁটোয়ারা নয়, ওসি বাজারে বিক্রি করে টাকা মসজিদে ও মন্দিরে দিয়েছেন। জেলা শহরের বাংলোতে মাছ পাঠানোর কথা তিনি অস্বীকার করেন।