বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দুই বোনকে উত্ত্যক্ত ও তাদের মায়ের শ্লীলতাহানির অভিযোগে আটক যুবককে ছেড়ে দেওয়ার ঘটনায় এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে।
গত মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ আজাদ সরেজমিনে ওই ঘটনা তদন্ত করেন। এ সময় তিনি মেয়ে দুটিসহ তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। আজ বৃহস্পতিবার তিনি পুলিশ সুপারের (এসপি) কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
স্থানীয় কয়েকজন বলেন, ওই যুবক (৩২) স্কুলছাত্রী দুই বোনকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। এর প্রতিবাদ করলে গত ২৫ ডিসেম্বর যুবকটি তাদের মায়ের শ্লীলতাহানি করেন। গত শনিবার ওই দুই বোনকে আবার উত্ত্যক্ত করার পর তারা ভয়ে গতকাল বুধবার পর্যন্ত স্কুলে যাওয়া বন্ধ রেখেছে।
মেয়ে দুটির মা বলেন, এ ঘটনায় অভিযোগ করলে পুলিশ গত সোমবার যুবকটিকে আটক করে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম রাতেই ঘুষ নিয়ে যুবকটিকে ছেড়ে দেন। তাঁরা এ ঘটনা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এসপি মো. আকতারুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ আজাদকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
জেলা পুলিশ সূত্র জানায়, ওই যুবককে ছেড়ে দেওয়ার ঘটনায় এএসআই শাহাবুল ইসলামকে আগৈলঝাড়া থানা থেকে প্রত্যাহার করে মঙ্গলবার রাতে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। গতকাল সকালে তিনি পুলিশ লাইনে যোগ দিয়েছেন।
এএসআই শাহাবুল ইসলাম গতকাল মুঠোফোনে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি বখাটেকে আটক করে থানায় নিয়ে আসি। পরে স্যারে (ওসি) তাঁকে ছেড়ে দেন।’
ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘যিনি আটক করেছেন তিনিই জানেন কে ছেড়েছেন।’