আটক যুবকদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা
নোয়াখালীর সেনবাগের দক্ষিণ মোহামঞ্চদপুর গ্রামে ডাকাত সন্দেহে আটক চার যুবকের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে। গত রোববার রাতে থানার উপপরিদর্শক (এসআই) মোহামঞ্চদ শাহজাহান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আটক চার যুবক ছাড়াও অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়। আটক চার যুবক হলেন নুর মোহামঞ্চদ ওরফে রুবেল (২১), শাহ আলম (২১), এমরান হোসেন ওরফে সজল (২০) ও সাব্বির হোসেন (১৯)। তাঁদের মধ্যে শেষের তিনজনের বাড়ি ফেনীর দাগনভূঞা এলাকায়। এদিকে আটক যুবকদের গতকাল সোমবার নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে উপস্থিত করা হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ ছাড়া একই ঘটনায় গ্রামবাসী কর্তৃক পুলিশকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় আরেকটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সেনবাগ থানা সূত্রে জানা গেছে।
জানতে চাইলে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের হওয়ার কথা নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গাজী সাখাওয়াত হোসেন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, মামলার অপর আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রসঙ্গত, রোববার ভোররাতে সেনবাগ উপজেলার দক্ষিণ মোহামঞ্চদপুর গ্রামের রুহুল আমিন মেম্বারের বাড়িতে ১৪-১৫ জনের একদল দুর্বৃত্ত প্রবাসী আবু তাহেরের বসতঘরের দরজা-জানালা ভাঙা শুরু করে। এ সময় ঘর থেকে ‘ডাকাত ডাকাত’ চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে বাড়ি ঘেরাও করে চার যুবককে ধরে ফেলেন। তাঁদের উদ্ধার করতে গিয়ে থানার ওসিসহ পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) দাঙ্গা পুলিশ নিয়ে পুলিশ সদস্য ও চার যুবককে উদ্ধার করেন।