ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় মুঠোফোনে জালিয়াতি করার সময় আটক সাত পরীক্ষার্থীর আরও দুজনকে গতকাল শনিবার ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার ছেড়ে দেওয়া হয় একজনকে।
আটক চারজনের মধ্যে তিনজনের বিরুদ্ধে শুক্রবার রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লালবাগ ও নিউমার্কেট থানায় তিনটি মামলা কেরন। বাকি একজনের বিরুদ্ধেও চকবাজার থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী জানিয়েছেন।
গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে প্রশ্নের উত্তর সংগ্রহের সময় পৃথক পৃথক কেন্দ্র থেকে সাতজনকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরা হলো সানজানা বিনতে বশির, আহাদুর রহমান, ফয়সাল কবির, আরিফুল ইসলাম, নুরুল আফসার, মেহেদী হাসান ও এরশাদ খান। তাদের নগরের বিভিন্ন থানায় পাঠানো হয়।
এদের মধ্যে সানজানাকে শুক্রবারই ছেড়ে দেওয়া হয়। একজন বিচারপতির মেয়ে হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী দাবি করেন, মেয়ে হিসেবে মানবিক কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে বংশাল থানায় মামলা করা হবে।
এরপর গতকাল আরিফুল ইসলামকে কলাবাগান থানা থেকে ও ফয়সাল কবিরকে চকবাজার থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর কারণ জানতে চাইলে প্রক্টর আমজাদ আলী পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জানি না কি কারণে তাঁদের ছেড়ে দেওয়া হলো। তবে যে চাপেই তাদের ছাড়া হোক না কেন, প্রত্যেকের বিরুদ্ধেই বিশ্ববিদ্যালয় মামলা করবে।’
এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল প্রথম আলোকে বলেন, ‘একটা মিস কমিউনিকেশনের (ভুল বোঝাবুঝি) কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আটক হওয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কেউ আমাদের সঙ্গে কথা বলেননি। লিখিত অভিযোগও পাচ্ছিলাম না। তাই ছেড়ে দিয়েছি। মামলা করা হলে আরিফুল ইসলামকে আবার ধরা হবে।’
চকবাজার থানার ওসি মো. আজিজুল হক দাবি করেন, তাঁর থানায় ফয়সাল কবির নামে কাউকে পাঠানো হয়নি। বদরুন্নেসা কলেজ কর্তৃপক্ষ একজনকে আটক করেছিল, তারাই তাকে ছেড়ে দিয়েছে।