চট্টগ্রামে শিশু অপহরণের ঘটনায় চার ব্যক্তির পাশাপাশি একজন সেনাসদস্যও আটক হয়েছেন। তবে তাঁকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে পুলিশ।
গতকাল শনিবার বিষয়টি আদালতে জানানোর পর সাংবাদিকেরা জানতে পারেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুরের একটি বাসা থেকে অপহৃত শিশু উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে ইয়াহিয়া, হুমায়ুন কবির, অনুপা ও সাজু এই চারজন অপহরণকারী আটক হয় বলে পুলিশ জানিয়েছিল। তখন সেনাসদস্যকে আটক করার বিষয়টি গোপন করে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, পরিচয় শনাক্ত হওয়ার পর সেনাসদস্যকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ধর্ষণ এবং হত্যা ছাড়া অন্য কোনো অভিযোগে কোনো সেনাসদস্য আটক হলে আইন অনুযায়ী তাঁকে সেনাবাহিনীতে ফেরত পাঠাতে হয় বলে তিনি জানান।
সম্প্রতি নগরের পাথরঘাটার নিজ বাসা থেকে আড়াই বছরের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা। এ ঘটনায় পুলিশ মিরপুর থেকে সেনাসদস্যসহ পাঁচজনকে আটক করে।