চার মাস আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি সোনাসহ মোহাম্মদ সুরুজ্জামান নামের একজন বিমানযাত্রীকে আটক করা হয়েছিল। চোরাচালানের মাধ্যমে আনার অভিযোগে তখন থানায় মামলা করে পুলিশ। মামলাটি তদন্তাধীন রয়েছে। কিন্তু এরই মধ্যে আদালতকে না জানিয়ে উদ্ধার হওয়া সোনা আসামিকে ফেরত দেওয়ার আদেশ দিয়েছে শুল্ক বিভাগ।
শুল্ক কর্মকর্তা জাকিয়া সুলতানার দেওয়া গত ২৯ জানুয়ারির এই আদেশ সম্প্রতি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নজরে আসে। তদন্তাধীন মামলার আলামত কীভাবে আসামিকে দেওয়ার আদেশ দিলেন, এ ব্যাপারে সাত দিনের মধ্যে আদালতে হাজির হয়ে শুল্ক কর্মকর্তা জাকিয়া সুলতানাকে জবাব দিতে বলা হয়েছে। গত সোমবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নুর কারণ দর্শানোর এ আদেশ দেন।
আদেশে বলা হয়, চোরাচালানের মাধ্যমে আনার অভিযোগে প্রায় দুই কেজি সোনাসহ (১০টি বার) গত বছরের ২৫ অক্টোবর সুরুজ্জামানকে আটক করা হয়। এ ঘটনায় তখন পুলিশ বাদী হয়ে বিমানবন্দর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। কিন্তু মামলাটি তদন্তাধীন থাকা অবস্থায় শুল্ক পরিশোধের সুযোগ দিয়ে তা খালাসের আদেশ দেওয়া হয়েছে, যা আইনত করার সুযোগ নেই।
গ্রেপ্তার হওয়ার কিছুদিন পর আসামি সুরুজ্জামান উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর তিনি সম্প্রতি সোনা ছাড়ের বিষয়ে শুল্ক বিভাগের আদেশের আলোকে ১৩ ফেব্রুয়ারি আদালতে আবেদন করেন। তাতে আটক সোনাসহ জব্দ থাকা তাঁর পাসপোর্ট ফেরত চান। আদালত আবেদনটি নাকচ করে দেন। একই সঙ্গে এ ব্যাপারে কারণ দর্শাতে সংশ্লিষ্ট শুল্ক কর্মকর্তার প্রতি আদেশ জারি করেন।
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, মামলা তদন্তাধীন থাকা অবস্থায় শুল্ক কর্মকর্তা ২৯ জানুয়ারি আটক করা সোনা আসামিকে ফেরত দেওয়ার আদেশ দেন। ওই আদেশে বলা হয়, আটক সোনা কেন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে না এবং কেন দণ্ডনীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে বিমানযাত্রী সুরুজ্জামানকে নোটিশ দেওয়া হয়। সুরুজ্জামান লিখিত জবাব দেন এবং শুল্ক পরিশোধ করার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। যেহেতু আটক সোনা নিষিদ্ধ পণ্য নয়, এ বিবেচনায় তা খালাসের আদেশ দেওয়া হয়েছে।