আটক হওয়া কোকেনের গন্তব্য ছিল ইউরোপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ জুন ঢাকায় আটক হওয়া তিন কেজির কিছু বেশি কোকেন পেরু থেকে আনা হয়। চার দেশ ঘুরে এগুলো আসে বাংলাদেশে। আর এর গন্তব্য ছিল ইউরোপ। আটক হওয়া পেরুর নাগরিককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর এমনটিই মনে করছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
১১ জুন মঙ্গলবার রাতে কারওয়ান বাজার এলাকার একটি হোটেল থেকে কোকেনসহ আটক করা হয় পেরুর নাগরিক হুয়ান পাবলো রাফায়েল জাগাজিটাকে। পাঁচ দিনের রিমান্ড শেষে গত রোববার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
মাদকদ্রব্য অধিদপ্তরের ঢাকা গোয়েন্দা বিভাগের উপপরিচালক মজিবুর রহমান পাটোয়ারী বলেন, পরীক্ষা করে দেখা গেছে, এগুলো খুবই উন্নতমানের কোকেন। তবে এর সুনির্দিষ্ট মান নির্ণয়ের যন্ত্র এ দেশে নেই। তিনি জানান, ২৭ বছর বয়সী পাবলো স্প্যানিশ ভাষা ছাড়া কিছুই বলতে পারেন না। একজন দোভাষীর সহযোগিতায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে পাবলো জানিয়েছেন, তিনি পেরুর রাজধানী লিমার একটি ডিস্কোতে নিরাপত্তাকর্মীর কাজ করতেন। সেখানেই এক নারী তাঁকে মাদক পাচারের প্রস্তাব দেন। রাজি হলে তাঁর ব্যাগে বিশেষভাবে প্যাক করা মাদক রাখা হয়। সেই ব্যাগ নিয়ে তিনি প্রথমে বাসে করে পাশের দেশ ইকুয়েডরে যান। সেখান থেকে কোপা এয়ারলাইনসের উড়োজাহাজে করে যান পানামায়। পানামা থেকে একই সংস্থার উড়োজাহাজে চড়ে ব্রাজিলে। ব্রাজিল থেকে আমিরাত এয়ারলাইনসে চড়ে দুবাইয়ে, সেখান থেকে একই সংস্থার উড়োজাহাজে চড়ে ঢাকায় আসেন তিনি।

পাবলো জানিয়েছেন, লিমা আন্তর্জাতিক বিমানবন্দরে মাদকদ্রব্য শনাক্ত করতে ব্যবহূত কুকুরগুলো খুবই দক্ষ। তাই ওই বিমানবন্দর এড়াতে তিনি ইকুয়েডর বিমান থেকে যাত্রা শুরু করেন। তাঁর লাগেজটি ইকুয়েডর থেকেই ঢাকার জন্য বুকিং করা হয়। তাঁর কাজ ছিল ঢাকা পর্যন্ত পৌঁছে দেওয়া। কথা ছিল, একজন মোটা তরুণী হোটেলের কক্ষ থেকে কোকেন সংগ্রহ করবেন। কিন্তু তাঁর আগেই তিনি ধরা পড়েন। এরপর কোকেনগুলো কোথায় যাবে, সে সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে কর্মকর্তাদের জানিয়েছেন।

যাচ্ছিল ইউরোপে!: মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা ধারণা করছেন, এই কোকেনের গন্তব্য ছিল ইউরোপ। বাংলাদেশকে শুধু রুট হিসেবে ব্যবহার করা হয়েছে। তাঁরা জানান, বাংলাদেশে মাদক হিসেবে কোকেনের ব্যবহার একেবারেই নেই। এগুলো অত্যন্ত দামি। খাঁটি এক কেজি কোকেনের দাম সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত হতে পারে। প্রতিবেশী দেশ ভারতের কয়েকটি বড় শহরে কোকেনের ব্যবহার রয়েছে বলে শোনা যায়। তবে কোকেনের বড় ব্যবহারকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপ; বিশেষ করে যুক্তরাজ্য।

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ওয়েবসাইট থেকে জানা যায়, বিশ্বের ৮০ শতাংশ কোকেন উৎপাদনকারী দেশ হলো ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়া। বাকি ২০ শতাংশ উৎপাদিত হয় পার্শ্ববর্তী পেরু ও বলিভিয়ায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের ধারণা, সন্দেহমুক্ত থেকে ইউরোপে পাচারের জন্যই এই মাদক বাংলাদেশে আনা হয়। বিশেষ করে প্রচুর বাংলাদেশি লন্ডনে থাকেন। তাঁরা প্রতিনিয়ত যাতায়াত করেন। এ ছাড়া বিশ্বে মাদক প্রস্তুত ও পাচারকারী দেশ হিসেবে সন্দেহের তালিকায় বাংলাদেশ নেই। তাই বহুজাতিক মাদক মাফিয়া চক্র ঢাকাকে মাদক পাচারের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে।