আটক ১০, অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার পৃথক স্থানে জলদস্যু বাহিনীর প্রধানসহ পাঁচ দস্যুকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার বিকেল সোয়া তিনটা পর্যন্ত এসব গণপিটুনির ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জলদস্যু আশরাফ বাহিনীর প্রধান জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুরের মো. আশরাফ (৩৫), মো. ছারোয়ার (২৭) ও মো. ওসমান (২৭), পুর্ববিরবিরির কেফায়েত উল্লা (৩২) ও এমরান বাহিনীর প্রধান সহযোগী চট্টগ্রামের হাটহাজারীর আলতাফ হোসেন (৩০)। এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় জাহাজমারা ইউনিয়নের আলাদী নগর এলাকায় এমরান বাহিনীর প্রধান সহযোগী আলতাফ রাত সাড়ে তিনটার দিকে সোনাদিয়া ইউনিয়নের হিল্টন মোড়ে আশরাফ বাহিনীর প্রধান আশরাফ এবং গতকাল শনিবার দুপুর সোয়া ১২টায় জাহাজমারার কাদেরিয়ার কেফায়েত এবং বিকেল সোয়া তিনটার দিকে একই ইউনিয়নের মোহাম্মদপুরে ছারোয়ার ও ওসমানকে পিটিয়ে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়ার দুর্গম কালামচর ও আশপাশের চরগুলোতে এবং মেঘনায় জলদস্যু দমনে পুলিশ ও কোস্টগার্ডের অভিযানের মুখে দস্যুরা হাতিয়ার মূল ভূখণ্ডে উঠে এলে কয়েকটি স্থানে দস্যুদের গণপিটুনি দেন স্থানীয়রা।
এ ছাড়া গতকাল বিকেল পর্যন্ত বাহিনীর প্রধান ইউনুছের (বৃহস্পতিবার নিহত) বাবা মালেক মাঝি (৫০) ও সহযোগী এমরানসহ (৩২) দশজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের কাছ থেকে ছয়টি বন্দুক, দুটি এলজি, তিনটি রাইফেলের গুলি, ১২টি বন্দুকের গুলি ও ২০টি সিগন্যাল লাঞ্চার উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, হাতিয়ার বিভিন্ন চরে পুলিশি অভিযানের মুখে জলদস্যুরা মূল ভূখণ্ডে উঠে এলে স্থানীয়দের পিটুনির শিকার হয়ে পাঁচজন মারা গেছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, গণপিটুনিতে নিহত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। তা ছাড়া তাঁদের ভয়ে অনেকে হামলা-নির্যাতনের শিকার হয়েও মামলা করার সাহস পেতেন না। গত বৃহস্পতিবার সকাল থেকে হাতিয়ার কালামচরে জলদস্যু দমনে অভিযান শুরু করে জেলা পুলিশের একাধিক দল। ওই দিন রাতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে দস্যুবাহিনীর প্রধান মো. ইউনুছ প্রথম নিহত হন।