প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ১১ কেজি রুপার তৈরি গয়নাসহ চোরাকারবারি সন্দেহে দুজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শনিবার সাতক্ষীরা-যশোর সড়কের মুরারিকাটি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। ওই দুজন হলেন সদর উপজেলার বাঁশদাহ গ্রামের খলিলুর রহমান (৪০) ও সাতানী গ্রামের গোলাম নবী (৩০)। বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন বলেন, ওই দুজন চোরাকারবারি মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ রুপার গয়না নিয়ে যশোর থেকে কলারোয়া সীমান্তের দিকে আসছিলেন। দুপুর ১২টার দিকে তাঁদের আটক করে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলে বিশেষভাবে রাখা অবস্থায় ১১ কেজি রুপার গয়না উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা