বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৩তম সাক্ষী এ এইচ এম মুতাসিম বিল্লাহ। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের জুন মাসে তিনি আটক ২৬ যুবকের সঙ্গে আলীম ও পাকিস্তানি মেজরের ছবি তুলে দেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মুতাসিম বিল্লাহর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জবানবন্দিতে মুতাসিম বিল্লাহ বলেন, তাঁদের বাড়ি জয়পুরহাট সদর থানার বানিয়াপাড়ায়। তাঁর বর্তমান বয়স ৭৯-৮০ বছর। তিনি ১৯৬৯ সালের ডিসেম্বর মাসে জয়পুরহাট শহরের বাজলা হাইস্কুলের উত্তর দিকে ‘আলোখেলা’ নামে একটি স্টুডিও চালু করেন। একাত্তরের জুন মাসের শেষ দিকে একদিন সকাল ১০টার দিকে কনভেনশন মুসলিম লীগের নেতা ও শান্তি কমিটির চেয়ারম্যান আবদুল আলীম তাঁর স্টুডিওতে আসেন। আলীম এ সময় তাঁকে বলেন, ২৬ জন ‘দুষ্কৃতকারী’ ধরা পড়েছে, তাদের ছবি তুলতে হবে। এরপর তিনি তাঁর ইয়াসিকা ডি ক্যামেরা নিয়ে আলীমের সঙ্গে একই রিকশায় করে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে যান। টিকিট কাউন্টারের পশ্চিম দিকে খোলা জায়গায় পৌঁছে তিনি ২৬ জন যুবককে হাত বাঁধা অবস্থায় বসে থাকতে দেখেন। তাঁদের সামনে ছিল অস্ত্রশস্ত্র। ওই যুবকদের পেছনে পাকিস্তানি সেনারা অস্ত্র হাতে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের মধ্যে পাকিস্তানি মেজর আফজাল এবং স্থানীয় মুসলিম লীগের মিনা মোখলেস ছিলেন।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, ‘আবদুল আলীম মেজর আফজালদের সঙ্গে ওই লাইনে দাঁড়ানোর পর আমাকে ছবি তোলার নির্দেশ দেন। আমি ছবি তুলি এবং তাঁর নির্দেশমতো ছবি তৈরি করি।’ তিনি বলেন, পরদিন সকাল সাড়ে ১০টার দিকে আলিম তাঁর স্টুডিওতে গিয়ে তিন কপি ছবি নেগেটিভসহ নিয়ে নেন। তবে একটি কপি তিনি রেখে দেন। দেশ স্বাধীন হওয়ার পর সে সময়ে আওয়ামী লীগের নেতা মাহতাব উদ্দিন সরদারকে ওই ছবি দেন। ছবিটি পরে ‘একাত্তরের ঘাতক দালালরা কে কোথায়’ বইয়ে ছাপানো দেখে তিনি তা চিনতে পারেন।জবানবন্দির শেষ পর্যায়ে মুতাসিম বিল্লাহকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি লেমিনেটেড করা ওই ছবি দেখালে তিনি তা শনাক্ত করে বলেন, এটি তাঁর তোলা এবং ছবির ওপর থাকা স্বাক্ষরও তাঁর। পরে তিনি আসামির কাঠগড়ায় থাকা আলীমকে শনাক্ত করেন। ট্রাইব্যুনাল ছবিটি নথি হিসেবে গ্রহণ করেন।জবানবন্দি শেষ হলে মোতাসিম বিল্লাহকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান। একটি প্রশ্নের পর জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।