আটক ৩১ বাংলাদেশির পরিচয় জানায়নি বিএসএফ
তিন দিন পেরিয়ে গেলেও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে আটক ৩১ বাংলাদেশির পরিচয় জানা যায়নি। আটক ব্যক্তিদের স্বজনেরা এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন।
৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল কবীর জানান, গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত বিএসএফের কাছ থেকে আটক ব্যক্তিদের তালিকা পাওয়া যায়নি। দুই দিন ধরে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। অথচ এ ব্যাপারে বিজিবি-বিএসএফ দুই দফা পতাকা বৈঠক হয়েছে। তিনি বলেন, ‘বৈঠকে বিএসএফ আটক ব্যক্তিদের তালিকা দিতে সম্মত হলেও এখনো তা পাওয়া যায়নি। আমরা তালিকা পেতে তৎপরতা অব্যাহত রেখেছি।’
গত মঙ্গলবার ভোরে বিএসএফের হাতে আটক ব্যক্তিদের স্বজনেরা জানান, বিএসএফ আটক ব্যক্তিদের পুলিশি হেফাজতে রেখেছে কি না, তা তাঁরা নিশ্চিত হতে চান। এ নিয়ে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন।