আটককৃত মালামাল রাখতে হিমশিম খাচ্ছে কুমিল্লা বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জায়গার অভাবে বিভিন্ন সময়ে আটক করা মালামাল রাখতে হিমশিম খাচ্ছেন ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) কুমিল্লার সদস্যরা। কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত বিজিবির দাপ্তরিক কার্যালয়ের বিভিন্ন স্থানে পড়ে আছে উদ্ধার করা ভারতীয় মালামাল এবং বাংলাদেশের বিভিন্ন ধরনের যানবাহন। এসব বাহনের মধ্যে অ্যাম্বুলেন্সও রয়েছে।৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আখতারুজ্জামান গতকাল রোববার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রশাসনিক ভবনের সামনে একটি টিনশেড ভবন রয়েছে। ওই ভবনের পুরোটা জুড়েই ভারতীয় মসলা, রসুন, ফেয়ার অ্যান্ড লাভলী, চিনি, ধান, শাড়ি, থ্রি-পিস ও নানা ধরনের পণ্যসামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। ভবনের বাইরেও মালামাল রাখা আছে। প্রতিদিন বিজিবির দুজন সদস্য এসব মালামাল পাহারা দেন।বিজিবি সূত্রে জানা গেছে, ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনে ১২৫ কিলোমিটার ভারতীয় সীমান্ত এলাকা রয়েছে। এর অধীনে ১৯টি বিওপি (বর্ডার অপারেশন পোস্ট), পাঁচটি পোস্ট ও পাঁচটি বিএসপি রয়েছে। প্রতিদিনই ওই সীমান্ত এলাকায় কমপক্ষে ৭৬ থেকে ৮০টি অপারেশন পরিচালনা করা হয়। এভাবে প্রতি মাসে গড়ে দুই হাজার ২০০ অভিযান পরিচালিত হয়। প্রতিটি অভিযানে বিপুল পরিমাণ পণ্যসামগ্রী ও মাদকদ্রব্য আটক করা হয়। পরে তা এখানে রেখে কাস্টমস অফিসে পাঠানো হয়।৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আখতারুজ্জামান গতকাল রোববার দুপুরে জানান, ‘আইনগত প্রক্রিয়ার কারণে মালামাল আমাদের রক্ষণাবেক্ষণে রাখতে হয়। কিন্তু আমাদের এখানে রাখার জায়গা নেই। তার ওপর এগুলো পাহারা দেওয়ার জন্য অতিরিক্ত লোক খাটতে হচ্ছে। এক মাসেই আমাদের কক্ষগুলো ভরে যায়। কুমিল্লা সীমান্ত দিয়ে প্রচুর ভারতীয় ফেনসিডিল ও পণ্যসামগ্রী এ দেশে প্রবেশের চেষ্টা করে বলে তিনি জানিয়েছেন।