আটকদের মুক্তির জন্য থানায় ট্যাক্সিচালকদের বিক্ষোভ, তদন্ত কমিটি
গ্রেপ্তার হওয়া চালকদের ছাড়িয়ে নিতে গতকাল দুপুরে রাজধানীর তেজগাঁও থানা ঘেরাও করেন একদল ট্যাক্সিচালক। এ সময় পুলিশ লাঠিপেটা করলে ১০-১২ জন আহত হন। আটক চালকদের পরে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়।গত বৃহস্পতিবার পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ওই ট্যাক্সিচালকদের গ্রেপ্তার করা হয়েছিল।এদিকে গোলযোগের ঘটনা তদন্ত করতে মহানগর পুলিশ পুলিশের কমিশনারের (ট্রাফিক) নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে।পুলিশ জানায়, গতকাল দুপুর একটার দিকে শতাধিক ট্যাক্সিচালক তেজগাঁও থানার সামনে জড়ো হন। তাঁরা আটক চালকদের মুক্তির দাবিতে বিক্ষোভ করতে থাকেন। উত্তেজিত ট্যাক্সিচালকেরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন। তাঁরা চলন্ত দুটি ট্যাক্সিও ভাঙচুর করেন। একপর্যায়ে পুলিশ তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, আদালতে হাজিরা দেবে এই শর্তে থানা থেকে চালকদের ছেড়ে দেওয়া হয়েছে। ট্যাক্সিচালকেরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘কারণে-অকারণে’ ট্রাফিক পুলিশ প্রতি মাসেই যানবাহন রিকুইজিশন করে। তারপর সেগুলো মাসের অর্ধেক সময় ধরে ব্যবহার করে।