পাটুরিয়া থেকে বাঘাবাড়ী নৌবন্দর পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন অংশে মারাত্মক নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে সারসহ বিভিন্ন পণ্যবোঝাই জাহাজগুলো সরাসরি বাঘাবাড়ী নৌবন্দরে ভিড়তে পারছে না।
জাহাজগুলোকে বাঘাবাড়ী পৌঁছানোর জন্য পাটুরিয়ার কাছে ছোট ছোট নৌযানে কিছু পরিমাণ সার খালাস করে হালকা হতে হচ্ছে। সরাসরি বাঘাবাড়ী ভিড়তে না পারায় প্রায় ৪০টি সারবাহী জাহাজ পাটুরিয়াসহ যমুনার বিভিন্ন অংশে আটকে আছে।
বিআইডব্লিউটিএ ও জাহাজের মাস্টার-সুকানি সূত্র জানায়, পাটুরিয়া থেকে বাঘাবাড়ী নৌবন্দর পর্যন্ত যমুনার বিভিন্ন স্থান কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য ১০ ফুট গভীরতার প্রয়োজন হলেও শুষ্ক মৌসুমে এই নৌপথের বিভিন্ন অংশে পানির গভীরতা সাত থেকে আট ফুট বা এরও কমে এসে দাঁড়ায়।
এ বছর সবচেয়ে খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে বেড়া উপজেলার মোল্লারচর ও ব্যাটারিরচর নামক দুটি স্থানে। এই দুটি স্থানের পার্শ্ববর্তী নৌ-চ্যানেলে পানির গভীরতা পাঁচ থেকে সাত ফুটের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এ কারণে কয়েক দিন ধরে সারসহ পণ্যবাহী জাহাজগুলো সরাসরি বাঘাবাড়ী নৌবন্দরে ভিড়তে পারছে না। সারবোঝাই অবস্থায় ওই দুটি স্থান পার হতে না পেরে জাহাজগুলো পাটুরিয়ার কাছে আংশিক সার খালাসের অপেক্ষায় দিনের পর দিন নোঙর ফেলে রয়েছে। ছোট ছোট নৌযানে কিছু সার খালাস করে জাহাজগুলোকে কিছুটা হালকা করার পর সেগুলো বাঘাবাড়ী নৌবন্দরে যাওয়ার উপযোগী হচ্ছে। কিন্তু এ জন্য জাহাজগুলোকে আট থেকে দশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এতে একদিকে যেমন সময়ের অপচয় হচ্ছে, তেমনি সার বহনের ব্যয়ও বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, বাঘাবাড়ী বন্দরে সার নিয়ে আসা জাহাজ রয়েছে পাঁচ থেকে ছয়টি। এই জাহাজগুলো পাটুরিয়ায় ছোট নৌযানে আংশিক সার খালাস করে তবেই নৌবন্দরে আসতে পেরেছে। ইঞ্জিনচালিত পাঁচ-ছয়টি ট্রলারকে সার নিয়ে নৌবন্দরে আসতে দেখা যায়।
এমন একটি ট্রলারের মাঝি জহিরউদ্দিন বলেন, ‘পাটুরিয়ার কাছে ৪০টির মতো জাহাজ সার নিয়া আটকা আছে। আমরা (ট্রলার মাঝি) ওখান থেকে কিছু কিছু করে মাল না আনা পর্যন্ত জাহাজগুলোর বন্দরে আসার উপায় নাই।’
বন্দরে সার নিয়ে আসা জাহাজ এমভি মৃদুলের মাস্টার আবদুল মান্নান বলেন, ‘আমার জাহাজ ছোট। সাড়ে আট হাজার বস্তা সার নিয়ে চার দিন পাটুরিয়ার কাছে আটকে ছিলাম। ট্রলারে আড়াই হাজার বস্তা সার আনলোড করে তবে বন্দরে আসতে পেরেছি। ওখানে আমার চেয়েও বড় বড় জাহাজ ট্রলারে মাল খালাসের অপেক্ষায় ১০-১২ দিন ধরে আটকে আছে।’
বিআইডব্লিউটিএর তালিকাভুক্ত পাইলট (জাহাজের পথপ্রদর্শক) জনাব আলী বলেন, ‘এবারের শুষ্ক মৌসুমে অগভীর ডুবোচরের সংখ্যা বেশি। তবে মোল্লারচর ও ব্যাটারিরচরে অবস্থা এত খারাপ যে স্বাভাবিক ড্রাফট (জাহাজের ডুবে থাকা অংশ) নিয়ে সেখান দিয়ে আসাই যাচ্ছে না।’
বাঘাবাড়ী নৌবন্দরের ইজারাদারের প্রতিনিধি আবুল হোসেন বলেন, পাটুরিয়া থেকে ট্রলারে করে কিছু পণ্য আনতে হচ্ছে বলে জাহাজপ্রতি অতিরিক্ত ব্যয় হচ্ছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। অতিরিক্ত অর্থ ব্যয় ও সময়ক্ষেপণের জন্য ইতিমধ্যেই অনেক আমদানিকারক ও ব্যবসায়ী এই বন্দরের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন।
বাঘাবাড়ী নৌবন্দরের বন্দর কর্মকর্তা (পোর্ট অফিসার) নাজমুল হুদা বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক থাকলে বন্দরে প্রতিদিন ১৫ থেকে ২০টি জাহাজ ভেড়ে। কিন্তু জাহাজ থেকে ট্রলারে করে মাল আনতে হচ্ছে বলে প্রতিদিন এর অর্ধেকেরও কম জাহাজ বন্দরে ভিড়ছে। রোববার মাত্র পাঁচটি জাহাজ বন্দরে ভিড়েছে।’
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক (সিপিএস) শাহজাহান হোসেন বলেন, ‘এই নৌরুটে চলাচলকারী জাহাজের মাস্টার-সুকানিদের শুষ্ক মৌসুমে সাত ফুটের বেশি ড্রাফট নিয়ে না আনার জন্য বারবার বলা হয়েছে। কিন্তু জাহাজভর্তি মাল নিয়ে আসায় সেগুলোর ড্রাফট আট থেকে দশ ফুট বা তারও বেশিতে গিয়ে দাঁড়াচ্ছে। ফলে জাহাজগুলো সরাসরি ভিড়তে পারছে না। তার পরেও আমরা এই নৌরুটের নাব্যতা স্বাভাবিক রাখতে ড্রেজিং অব্যাহত রেখেছি।’