আটকা পড়া ঘড়িয়ালটি পদ্মা নদীতে ছেড়ে দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদী থেকে উদ্ধার করা বিরল প্রজাতির ঘড়িয়ালটিকে আবারও পদ্মায় ছেড়ে দেওয়া হয়েছে। মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আরুয়া ইউনিয়নের পূর্ব বাউলীকান্দা গ্রামের হরেন হালদারের জালে এটি আটকা পড়েছিল। বন বিভাগের উদ্যোগে গত রোববার স্থানীয় জনসাধারণের সম্মতিতে পদ্মার আরুয়া পয়েন্টের বাঘুটিয়া চরে বাচ্চা ঘড়িয়ালটিকে অবমুক্ত করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা চিড়িয়াখানায় চারটি, রাজশাহী চিড়িয়াখানায় তিনটি ও কক্সবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি ঘড়িয়াল আছে। পদ্মা নদীতে অবাধে মাছ শিকার, মাছ ধরার জন্য বিশেষ ধরনের জাল ব্যবহার, ঘড়িয়ালের আবাসস্থল বিনষ্ট এবং নদীর তীরে ডিম পাড়ার উপযুক্ত বালুময় বেলাভূমিগুলোয় গোচারণ ও ডিম নষ্ট করার কারণে প্রকৃতি থেকে ঘড়িয়াল হারিয়ে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার আনুমানিক আড়াই ফুট লম্বা এক বছর ছয় মাস বয়সী ঘড়িয়ালটি হরেন হালদারের জালে আটকা পড়ে। হরেন কুমিরের বাচ্চা মনে করে এটি বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুর রহমান সুলতান হরেন হালদারের বাড়ি যান। তিনি বিরল প্রজাতির ঘড়িয়ালটিকে নিরাপত্তাজনিত কারণে তাঁর বাড়িতে নিয়ে আসেন।