আটকা পড়ে আগুনে মরলেন এক নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের অনন্তপুর আবাসিক এলাকায় একটি বাড়িতে আজ রোববার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় মায়া রানী দেবনাথ (৫৭) নামের এক নারী প্রাণ হারিয়েছেন। নিঃসন্তান ও স্বামীহারা এ নারী ওই বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন।
মায়া শহরের একটি প্রাইভেট হাসপাতালের পরিচ্ছন্নতকর্মী ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে।

হবিগঞ্জ সদর থানা-পুলিশ ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, অন্তপুর আবাসিক এলাকার অধিবাসী এলাছি বেগমের বাসায় আজ ভোর ৫টা ১০ মিনিটের দিকে আগুন লাগে। এ সময় এলাছি বেগম ও তাঁর পরিবারের সদস্যরা বসতঘর থেকে বের হয়ে আসতে পারলেও পাশের ঘরের ভাড়াটে মায়া রানী বের হতে পারেননি। তিনি ঘরে আটকা পড়েন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে হবিগঞ্জ দমকল বাহিনীর একটি ইউনিট সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়। তবে আশপাশে কোনো পুকুর বা পানি সরবরাহের মতো সুবিধা না থাকায় বেশ কিছুক্ষণ বেগ পেতে হয় তাদের। ঘণ্টাব্যাপী চেষ্টার চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এরই মধ্যে ওই বসতঘর, আসবাবসহ সবকিছু পুড়ে যায়। পরে ধ্বংসস্তূপ থেকে অগ্নিদগ্ধ মায়া রানীর লাশ উদ্ধার করা হয়।

হবিগঞ্জ দমকল বাহিনীর ইউনিট কর্মকর্তা আবু তাহের বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান একটি বসতঘর পুড়ছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত তাঁরা বের করতে পারেননি বলে জানান।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিশ্বজিৎ দেব বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা হবে।