আটকা পড়ে মরছে পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে লিচু বাগানের মালিক ও ব্যবসায়ীরা লিচু রক্ষায় গাছে গাছে পেতে রাখছেন কারেন্ট জালের ফাঁদ। পাখিরা রসালো লিচু খেতে গিয়ে এই ফাঁদে আটকে মারা যাচ্ছে। আটক পাখির মধ্যে বাদুড় ও চামচিকার সংখ্যা সবচেয়ে বেশি। প্রাণিবিদদের মতে, বাদুড় ও চামচিকা খাদ্যের শৃঙ্খলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।জেলার বিভিন্ন লিচু বাগানে সরেজমিনে দেখা গেছে, পাখির উৎপাত থেকে লিচু রক্ষায় প্রতিটি গাছ কারেন্ট জালে আচ্ছাদিত করে রাখা হয়েছে। এসব জালে আটকা পড়ে বাদুড় ও চামচিকা মরে ঝুলে থাকতে দেখা গেছে সবচেয়ে বেশি। মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামের লিচু বাগানে মালিক মাতুব্বর শেখ বলেন, অনেক দিন পর জেলায় লিচুর ফলন ভালো হয়েছে। কিন্তু পাখির উৎপাতে গাছের অনেক লিচু নষ্ট হয়। তাই কারেন্ট জাল ব্যবহার করে পাখির উৎপাত রোধ করছেন তাঁরা। মেহেরপুর শহরের কেশবপাড়ার ব্যবসায়ী আবুল বাশার জানান, তাঁর বাগানে ১৫০টি লিচুগাছ আছে। প্রতিটি গাছই তিনি কারেন্ট জাল দিয়ে ঘিরে রেখেছেন। এতে তাঁর দেড় হাজার টাকা ব্যায় হলেও বাদুড় ও চামচিকার হাত থেকে কমপক্ষে ১০ হাজার টাকার লিচু রক্ষা পেয়েছে। তাঁর বাগানেই প্রায় ৭০০ বাদুড় ও চামচিকা কারেন্ট জালে আটকা পড়ে মারা গেছে বলে জানান তিনি।মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. মনিরুজ্জামান জানান, জেলায় প্রায় ৭৫০ হেক্টর জমিতে লিচুর ছোট-বড় বাগান রয়েছে। যার মোট গাছের সংখ্যা প্রায় ২৫ হাজার। এবারই প্রথম লিচু ঠেকাতে গাছে কারেন্ট জাল ব্যবহার করা হয়েছে। এতে মারা যাচ্ছে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিকারী পাখি বাদুড় ও চামচিকা।মেহেরপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এস এম জিয়াউল ইসলাম জানান, বাদুড় ও চামচিকা উড়ন্ত স্তন্যপায়ী প্রাণী। খাদ্যের শৃঙ্খলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এরা নিরীহ প্রকৃতির। তেঁতুল, পাকুড় ও বটগাছে এদের বাস। কলা, কুল, লিচু ও পেয়ারা এদের প্রিয় ফল। এরা ফুলে পরাগায়ণ বা অঙ্কুরোদ্গম ঘটানো এবং ফল তৈরিতে সহায়তা করে। এদের নির্গত মল মাটির উর্বরতা শক্তি বৃদ্ধির অন্যতম শক্তিশালী উপাদান। এদের মুখে মুখে বীজের বিস্তার লাভ ঘটে। চামচিকা রাতের নানা নিশাচর কীটপতঙ্গ খেয়ে থাকে, যেগুলো ফসল ও পরিবেশের জন্য ক্ষতিকর। এভাবে বাদুড় ও চামচিকা নিধন করা হলে বীজের স্বাভাবিক পরাগায়ণ ও অঙ্কুরোদ্গম বন্ধ হয়ে যাবে এবং পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) অবিদিয় মার্ডি জানান, বাংলাদেশের বন্য প্রাণী সংরক্ষণ আইন ১৯৭৩ ধারা মতে, এই পাখি নিধন বন্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া সম্ভব। কিন্তু বিষয়টিকে প্রশাসন এত গুরুত্ব সহকারে আমলে নেয়নি।