একের পর এক ফেরি সমস্যার পাশাপাশি হরতালের কারণে দুই দিন ধরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে পণ্যবাহী শত শত ট্রাক। গতকাল বৃহস্পতিবার দুপুরেও ঘাটে ট্রাকের তিন কিলোমিটার দীর্ঘ সারি ছিল। বিআইডব্লিউটিসি ও ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই দিন ধরে যানজটের পর গতকাল সকাল ১০টার দিকে ইঞ্জিনের সমস্যার কারণে কেরামত আলী নামের ফেরিটি বিকল হয়ে বসে পড়ে। এর আগে গত মঙ্গলবার একত্রে দুটি ফেরি বিকল হয়। এভাবে একের পর এক ফেরি বিকল হওয়ায় দৌলতদিয়ায় যানজট সৃষ্টি হচ্ছে।গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ঘাটে অপেক্ষা করে দেখা গেছে, ফেরিঘাট থেকে তিন কিলোমিটার দীর্ঘ মহাসড়কে বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। গত বুধবার রাতে হুড়োহুড়ি করে ঘাটে আগে পৌঁছাতে গিয়ে রেস্টহাউসের সামনে বেনাপোল থেকে আসা ভারতীয় রুই মাছ ভর্তি একটি কাভার্ডভ্যান উল্টে খাদে পড়ে যায়। মাছের মালিক দাবিদার আনোয়ার হোসেন বলেন, বুধবার মধ্যরাতেই ঢাকায় পৌঁছানোর কথা। কিন্তু আটকা পড়ায় বরফ গলে মাছ নষ্ট হয়ে যাচ্ছে।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহামঞ্চদ চৌধুরী বলেন, তিনটি ফেরি বিকল ও হরতাল থাকায় এ অবস্থা হয়েছে।