আটকা পড়েছে শতাধিক ময়নাতদন্ত প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ফরেনসিক মেডিসিন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় আটকা পড়েছে শতাধিক ময়নাতদন্ত প্রতিবেদন। একই কারণে বিভাগে ধর্ষণ মামলার আলামত সংগ্রহসহ বয়স নির্ধারণের পরীক্ষার ক্ষেত্রেও তৈরি হয়েছে স্থবিরতা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাড়ে তিন মাস ধরে বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতিতে পালা করে ময়নাতদন্তের দায়িত্ব পালন করছেন অন্য বিভাগের চিকিৎসকেরা। কিন্তু এ বিষয়ে অনভিজ্ঞতার জন্য ভুল হওয়ায় আশঙ্কা এবং প্রশ্নবিদ্ধ হওয়ার ভয়ে প্রতিবেদনে স্বাক্ষর করছেন না অনেকে। ফলে গত ২ জুলাই থেকে ২০ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ১৩৭টি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হলেও মাত্র ৩৫টির প্রতিবেদন পাঠানো সম্ভব হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ২৮টি, আগস্টে ৪০টি, সেপ্টেম্বরে ৩৪টি ও অক্টোবরের ২০ তারিখ পর্যন্ত ৩৫টি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
ময়নাতদন্ত প্রতিবেদন সময়মতো হাতে না পাওয়ায় এ-সংক্রান্ত মামলাগুলোরও সুরাহা করা যাচ্ছে না বলে অভিযোগ করেছে পুলিশ।
সাধারণত পুলিশ কেসের ঘটনা অর্থাৎ দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, হত্যা, আত্মহত্যাসহ যেকোনো ধরনের অপমৃত্যুর পর ফরেনসিক মেডিসিনে বিশেষজ্ঞ একজন চিকিৎসকের তত্ত্বাবধানে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর মৃত্যুর কারণ সম্বন্ধীয় প্রতিবেদন তৈরি এবং তাতে স্বাক্ষর করার কাজটিও করতে হয় সংশ্লিষ্ট চিকিৎসককে। এরপর সেই প্রতিবেদন সংশ্লিষ্ট থানাগুলোতে পাঠানো হয়।
খুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, ফরেনসিক মেডিসিন বিভাগে মোট পদ হচ্ছে ৬টি। এর মধ্যে একজন অধ্যাপক, দুজন সহযোগী ও সহকারী অধ্যাপক এবং তিনজন প্রভাষক। তবে বর্তমানে কর্মরত আছেন তিনজন। এর মধ্যে ময়নাতদন্তের প্রধান সার্জন ও বিভাগীয় প্রধানের দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক মো. আতাউর রহমান শারীরিক অসুস্থতার কারণে কর্মস্থলে আসতে পারেন না। তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রেষণে নিয়োগকৃত প্রভাষক মোসলেমা ইয়াসমিন আছেন মাতৃত্বকালীন ছুটিতে। আর সম্প্রতি বিভাগে আরেকজন প্রভাষক যোগ দিলেও তাঁর একার পক্ষে সব কিছু সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক শামীমা আখতার বলেন, ‘নির্ধারিত কাজের বাইরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ময়নাতদন্তের কাজটি আমাদের করতে হয়। সে ক্ষেত্রে রিপোর্ট লিখতেও কিছুটা দেরি হয়ে যায়।’
তবে একই দায়িত্ব পালন করা অন্য বিভাগের আরেকজন প্রভাষকের কথায় প্রতিবেদনে স্বাক্ষর না করার জন্য অনভিজ্ঞতা ও প্রশ্নবিদ্ধ হওয়ার বিষয়টিও উঠে আসে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘প্রথমত আমরা এ বিষয়ে অভিজ্ঞ নই। বিষয়টি স্পর্শকাতর এবং অনেক ক্ষেত্রে জটিল কেসগুলোও আমাদের পক্ষে হ্যান্ডেল করা সম্ভব হয় না।’ এ ছাড়া ৫ অক্টোবর খুলনার পাইকগাছায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ১৩ জনের ময়নাতদন্তের বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া ওই ময়নাতদন্তগুলোর জন্য আমাদের নানা মহলে জবাবদিহি করতে হয়েছে।’
বিষয়টি স্বীকার করে খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুব প্রথম আলোকে বলেন, ‘এক্সপার্ট না হয়েও ময়নাতদন্ত করার জন্য এ ধরনের প্রশ্নের মুখোমুখি তাঁরা (ময়নাতদন্তকারী চিকিৎসকেরা) হয়েছেন।’ ময়নাতদন্ত প্রতিবেদন না লেখা বা লিখলেও তাতে স্বাক্ষর না করার পেছনে এটাও একটা কারণ বলে মন্তব্য করেন তিনি।
অনভিজ্ঞদের দিয়ে ময়নাতদন্ত করালে ভুল হওয়ার আশঙ্কার বিষয়ে এ অধ্যাপকের স্বীকারোক্তি, ‘ভুল হওয়ার আশঙ্কা তো অবশ্যই থাকে।’ তিনি আরও জানান, লোকবল না থাকায় অনেকটা বাধ্য হয়েই অনভিজ্ঞদের দিয়ে কাজটি করাতে হচ্ছে।
অন্যান্য বিভাগের যে চিকিৎসকেরা পালা করে ময়নাতদন্তের কাজটি করে যাচ্ছেন, সেই তালিকাতে দেখা যায়, এঁদের সবাই প্রভাষক পদমর্যাদার।
তবে জটিল ময়নাতদন্তগুলোর ক্ষেত্রে অনেক সময় বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্যাথলজি বিভাগের এক প্রভাষক জানান। তাঁর ভাষ্য, ‘ফরেনসিকে লোকবলসংকটের কারণে যে শুধু ময়নাতদন্তের বিষয়টি ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়। ধর্ষণ কিংবা বয়স নির্ধারণের পরীক্ষাগুলোও ঠিকঠাক করা যাচ্ছে না। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার শিক্ষার্থীরা।’
বিভাগে লোক নিয়োগের বিষয়ে অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহবুবের বক্তব্য, ‘অনেক বলে-কয়ে একজনের পদায়ন হয়েছে এখানে। আরও দুজনেরটা প্রক্রিয়াধীন আছে।’
আর সময়মতো ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়ার বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ক্ষোভের সঙ্গে বললেন, ‘এ কারণে অনেক মামলার তদন্ত শেষ করতে পারছি না। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না।’
মারুফ আহমেদ বলেন, ‘খুলনার আশপাশের জেলাগুলোর অনেক রেফার্ড কেসও এখানে আসে। সেখানে ফরেনসিকে যদি ডাক্তার না থাকে, আমরা তো এনে দিতে পারি না।’