আটকা পড়েছে সাড়ে ২৬ লাখ টন পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে শ্রমিক ধর্মঘট, পরে মালিকদের ‘জাহাজ না চালানোর’ সিদ্ধান্ত—পাল্টাপাল্টি দুই কর্মসূচির কারণে টানা ১০ দিন ধরে নৌপথে পণ্য পরিবহনে অচলাবস্থা চলছে। গতকাল শনিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরসহ দেশের ৩৬টি ঘাট এলাকায় ছোট-বড় জাহাজে আটকে ছিল ২৬ লাখ ৫৭ হাজার টন পণ্য। একসঙ্গে এত পণ্য আগে কখনো খালাসের অপেক্ষায় থাকেনি বলে জানান বন্দর ব্যবহারকারীরা।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, বহির্নোঙরে ৬৫টি বড় জাহাজে গতকাল আটকে ছিল ১৮ লাখ ৩১ হাজার টন পণ্য। এর মধ্যে রয়েছে সার, গম, অপরিশোধিত চিনি, ভোজ্যতেল, সিমেন্ট শিল্পের কাঁচামাল, রড তৈরির কাঁচামাল, ইটভাটায় ব্যবহারের কয়লা, পোলট্রি খাদ্যসহ ১৬ ধরনের পণ্য। অথচ ১০ দিন আগে ধর্মঘট শুরু হওয়ার সময় বহির্নোঙরে ৪৯টি বড় জাহাজে ১২ লাখ ৩০ হাজার টন পণ্য খালাসের অপেক্ষায় ছিল।
লাইটার জাহাজ পরিচালনাকারী বেসরকারি সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের তথ্য অনুযায়ী, বন্দর থেকে খালাস করার পর দেশের বিভিন্ন ঘাটে গতকাল ৭৩২টি জাহাজে আটকে ছিল ৮ লাখ ২৬ হাজার টন পণ্য। বহির্নোঙর ও অভ্যন্তরীণ নৌপথে কেবল সিমেন্ট শিল্পের কাঁচামালই আটকা পড়েছে সাড়ে ১৩ লাখ টন। ছোট-বড় বিভিন্ন জাহাজে ৩ লাখ ৩৯ হাজার টন গম, ১ লাখ ৭৮ হাজার মেট্রিক টন ইউরিয়া ও এমওপি সার, দেড় লাখ টন ডাল ও সরিষা, ১ লাখ ৩৩ হাজার টন পুরোনো লোহার টুকরা ও বিলেট, ৯৫ হাজার টন অপরিশোধিত চিনি, ৮৮ হাজার টন কয়লা আটকা পড়েছে। এ ছাড়া সিরামিক শিল্পের কাঁচামাল, পোলট্রি খাদ্য, ভোজ্যতেলও রয়েছে।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সহসভাপতি মাহবুবুল আলম গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ১০ দিনেই নদীপথে পণ্য পরিবহনব্যবস্থায় ভয়াবহ জট তৈরি হয়েছে। কাঁচামাল না পাওয়ায় অনেক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। কর্মসূচি প্রত্যাহারে যত সময় লাগবে, ততই পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।
মজুরি বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে গত ২০ এপ্রিল রাত ১২টা থেকে শুরু হওয়া নৌযান শ্রমিকদের ধর্মঘট ২৬ এপ্রিল রাত ১০টায় স্থগিত করা হয়। এর আগে ওই দিন দুপুরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সচিবালয়ে আন্দোলনরত শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। এতে ক শ্রেণির নৌযানের শ্রমিকদের সর্বনিম্ন ধাপের মজুরি ৭ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকায় উন্নীত করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের কথা মন্ত্রী জানানোর পর ধর্মঘট কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন শ্রমিকনেতারা। তবে নৌযান মালিকদের প্রতিনিধিরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পরদিন থেকে ‘জাহাজ না চালানোর’ কর্মসূচি শুরু করেন।
বন্দর সূত্র জানায়, রড তৈরির কাঁচামাল বিলেট ও পুরোনো লোহার পণ্য নিয়ে গত ১৮ এপ্রিল এমভি ওরিয়েন্টাল এবং ২৭ এপ্রিল এমভি ট্রিগলেন জাহাজ বন্দরের বহির্নোঙরে ভেড়ে। দুটি জাহাজ থেকে এক দিনে দেড় থেকে দুই হাজার টন করে পণ্য খালাস করে জাহাজের ড্রাফট (পানির নিচে থাকা জাহাজের অংশ) কমিয়ে বহির্নোঙর থেকে বন্দর জেটিতে ভেড়ার কথা ছিল। কিন্তু প্রথমে শ্রমিকদের ধর্মঘট এবং পরে মালিকদের কর্মসূচির কারণে দুটি জাহাজ থেকে এক টন পণ্যও খালাস করা যায়নি। চট্টগ্রামের বিএসআরএম গ্রুপ এই পণ্য আমদানি করেছে।
জাহাজটির স্থানীয় প্রতিনিধি এভারেট বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেডের মহাব্যবস্থাপক মামুনুর রশীদ গতকাল প্রথম আলোকে বলেন, ১৮ এপ্রিল বন্দরে আসা জাহাজটি থেকে পণ্য খালাস করার নির্ধারিত সময়সীমা ছিল রোববার (আজ)। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাস করতে না পারলে বাড়তি প্রতিদিনের জন্য জাহাজমালিককে জরিমানা বাবদ ১০ হাজার ডলার করে দিতে হবে আমদানিকারককে। অথচ চুক্তির সময় পেরিয়ে গেলেও এখন এক টন পণ্যও খালাস করা যায়নি।
‘জাহাজ না চালানোর’ কর্মসূচি অব্যাহত থাকবে কি না, সে বিষয়ে আজ রোববার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান নৌযান মালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি খোরশেদ আলম। গতকাল দুপুরে বন্দর ভবনে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ বিষয়ে বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার বলেন, বিদেশে বন্দরের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয়, সে জন্য গতকাল তাঁরা নৌযান মালিকদের সঙ্গে বৈঠক করেন।