আটকা পড়েছে ১৩ লাখ টন পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযান-শ্রমিকদের কর্মবিরতির কারণে সারা দেশের নৌপথে প্রায় ১৩ লাখ টন পণ্য আটকা পড়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৩৫টি বড় জাহাজ এবং সারা দেশের ৩৬টি ঘাট এলাকায় ৬১১টি জাহাজে এসব পণ্য আটকা পড়েছে। চট্টগ্রাম বন্দর ও লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।
মজুরি বাড়ানোর দাবিতে ‘নৌশ্রমিক সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে গত সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। এতে বিশেষ করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর পুরোপুরি অচল হয়ে পড়ে। বন্দরে যত পণ্য খালাস হয়, তার ৭০ শতাংশই হয় বহির্নোঙরে।
তবে জেটিতে কনটেইনার ও সাধারণ পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম সচল আছে। ফলে রপ্তানিমুখী পণ্য পাঠাতে সমস্যা হচ্ছে না।
পণ্য আটকা পড়ায় প্রতিদিন ক্ষতিপূরণ গুনতে হচ্ছে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান ও আমদানিকারকদের। জাহাজ ভাড়া নেওয়ার চুক্তি অনুযায়ী বহির্নোঙরে বড় জাহাজ থেকে প্রতিদিন নির্ধারিত পরিমাণে আমদানি পণ্য খালাস করতে হয়। নির্দিষ্ট সময়ে পণ্য খালাস করতে না পারলে জাহাজভেদে দৈনিক ১০-১২ হাজার ডলার ক্ষতিপূরণ পরিশোধ করতে হয় আমদানিকারকদের। ক্ষতিপূরণের এই অর্থ আমদানি ব্যয়ের সঙ্গে যোগ হয়। এতে খুচরা পর্যায়ে পণ্যের দাম বেশি পড়ে।
বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে জানান, প্রতিদিন নির্ধারিত পরিমাণ পণ্য খালাসের শর্তে জাহাজ ভাড়া নেওয়া হয়েছে। দুই দিনে পণ্য খালাস করা যায়নি। নির্ধারিত সময়ে শেষ করতে না পারলে তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে। এই গ্রুপের সাড়ে ৩৫ হাজার টন আমদানি পণ্য নিয়ে একটি জাহাজ আটকা পড়েছে। জাহাজটি ২০ আগস্ট বন্দরের বহির্নোঙরে আসে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সহসভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, চার মাস আগে একবার শ্রমিক, এরপর মালিকপক্ষ কর্মসূচি পালন করল। তখন ব্যবসায়ীরা অনেক ক্ষতির মুখে পড়েছিলেন। সেই ধাক্কা সামলাতে না সামলাতে আবারও শ্রমিকদের কর্মবিরতি। যেকারণে পুরো দেশে নদীপথে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেল। এটা দেশের অর্থনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। কারণ, এখন আমদানি ব্যয় বাড়বে এবং কাঁচামালের অভাবে উৎপাদনও ব্যাহত হবে। সে জন্য দেশের স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের বহির্নোঙরে এখন ৩৫টি জাহাজ থেকে আমদানি করা গম, ডাল, চিনিসহ বিভিন্ন ভোগ্যপণ্য এবং সিমেন্টশিল্পের কাঁচামাল ক্লিংকার, নির্মাণকাজে ব্যবহৃত পাথর ও সার মিলিয়ে সাড়ে পাঁচ লাখ টন পণ্য খালাস হওয়ার কথা।
বহির্নোঙরে পণ্য খালাসে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন শিপ হ্যান্ডেলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান এ কে এম শামসুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, কর্মবিরতির কারণে বহির্নোঙর এখন পুরোপুরি অচল। দুই দিন সেখানে কোনো জাহাজ থেকে পণ্য খালাস হয়নি।
বহির্নোঙরে বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তর করে দেশের নানা প্রান্তের ৩৬টি ঘাট এলাকায় নিয়ে পণ্য খালাস করা হয়। এ কাজে ৬১১টি জাহাজ নিয়োজিত আছে বলে লাইটার জাহাজ পরিচালনকারীদের সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের একজন কর্মকর্তা জানান। সে অনুযায়ী ঘাট এলাকা ও নদীপথে প্রায় ৭ লাখ ২২ হাজার টন পণ্য আটকা পড়েছে।
নৌশ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক ওয়েজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরাও জাহাজ চালাতে চাই। কিন্তু বারবার অঙ্গীকার করেও মজুরি বাড়ানো হয়নি। এবার মজুরি বৃদ্ধি না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখবে শ্রমিকেরা।’