আটকা পড়েছে ২৫ জাহাজ নগরবাড়ী ঘাটে স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনার ডুবোচরে আটকা পড়েছে জাহাজ l প্রথম আলো
যমুনার ডুবোচরে আটকা পড়েছে জাহাজ l প্রথম আলো

নাব্যতা-সংকটের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে পাবনার বেড়া উপজেলার চরনতিবপুর পর্যন্ত যমুনা নদীতে কমপক্ষে ২৫টি জাহাজ ডুবোচরে আটকা পড়েছে। ফলে কর্মব্যস্ত নগরবাড়ী ঘাটের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।
নগরবাড়ী ঘাট ব্যবসায়ী সমিতির সহসভাপতি ঈমান আলী ও সাধারণ সম্পাদক এ এম রফিকউল্লাহ বলেন, নগরবাড়ী ঘাটে স্বাভাবিক সময়ে প্রতিদিন ২০টির মতো জাহাজ ভেড়ে। এখন ভিড়ছে ১০টিরও কম। আটকা পড়া জাহাজগুলো থেকে ছোট নৌযানের মাধ্যমে প্রতিদিন প্রায় ১৫ হাজার বস্তা সার, পাঁচ হাজার বস্তা সিমেন্ট এবং কয়লাসহ অন্যান্য পণ্য খালাস করে আনতে হচ্ছে। এতে প্রতিদিন ব্যবসায়ীদের প্রায় ১০ লাখ টাকা গচ্চা যাচ্ছে।
বিআইডব্লিউটিএ এবং এই নৌপথে চলাচলকারী জাহাজের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য নদীতে ১০ ফুট গভীরতার প্রয়োজন। কিন্তু পাটুরিয়া-নগরবাড়ী পথে কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে সেই গভীরতা থাকছে না। এবার এ নৌ-চ্যানেলের বিভিন্ন অংশে পানির গভীরতা পাঁচ-সাত ফুট বা তারও কমে এসে দাঁড়ায়।
যমুনা নদীতে সবচেয়ে বেশি নাব্যতা-সংকট দেখা দিয়েছে বেড়া উপজেলার মোল্লারচর ও চরনতিবপুর এলাকায়। মোল্লারচরের কাছে পানির গভীরতা নেমে এসেছে তিন-পাঁচ ফুটে। ওই স্থানে গত শুক্রবার সরেজমিনে এমভি সেতু, এমভি আল-মোয়াজ, এমভি ইরেকটর্স ও এমভি আল্লাহর দানসহ সাত-আটটি পণ্যবোঝাই জাহাজ ডুবোচরে আটকে থাকতে দেখা যায়। নগরবাড়ী ঘাটে সরাসরি আসতে না পেরে পাটুরিয়া ঘাট ও রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটের আশপাশে থেমে আছে আরও প্রায় ২০টি জাহাজ। পণ্যের বড় একটা অংশ খালাস করে তারপরই নগরবাড়ী যেতে পারবে জাহাজগুলো।
দুর্গম মোল্লারচরে আটকা পড়া এমভি সেতুর মাস্টার মিরাজ হোসেন বলেন, বাগেরহাটের মোংলা বন্দর থেকে প্রায় ৬০০ টন কয়লা নিয়ে ১৫ ডিসেম্বর তিনি নগরবাড়ীর উদ্দেশে রওনা হন। চার দিন আগে মোল্লারচরে এসে ডুবোচরে আটকা পড়েন তিনি। ছোট নৌযানে ইতিমধ্যে ২০০ টন কয়লা খালাস করে নগরবাড়ীতে পাঠানো হয়েছে। এরপরও ডুবোচর থেকে মুক্তি পাননি।
সারবাহী এমভি আল-মোয়াজের মাস্টার জামাল হোসেন বলেন, ‘জাহাজের খাবারদাবার সব শেষ। খিদার কষ্টের চেয়ে বড় সমস্যা দেখা দিছে নিরাপত্তার অভাব। এই জায়গাটা এতই নির্জন আর দুর্গম যে জাহাজের সবাই ভয়ে আছি।’
নগরবাড়ী ঘাট ঘুরে দেখা গেছে, সেখানে স্বাভাবিকের চেয়ে ব্যস্ততা অনেক কম। ঘাটের ব্যবসায়ীদের অভিযোগ, বারবার আবেদন করলেও বিআইডব্লিউটিএ নদীতে খননকাজের জন্য পর্যাপ্ত উদ্যোগ নিচ্ছে না। অথচ ঘাটের দূরেই তাদের একটি খননযন্ত্র বসে আছে।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা শেখ মো. সেলিম রেজা প্রথম আলোকে বলেন, বারবার করে বললেও জাহাজগুলো অতিরিক্ত বোঝাই নিয়ে আসছে। ফলে তারা নাব্যতা-সংকটে পড়ছে। নাব্যতা বজায় রাখতে পাঁচটি খননযন্ত্র দিন-রাত কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দু-এক দিনের মধ্যে মোল্লারচরে জরিপ চালিয়ে ডুবোচর খননের কাজ শুরু হবে।