লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশের কর্মবিরতির দ্বিতীয় দিন
আটকা পড়েছে ৭০ হাজার টন আমদানি পণ্য
চট্টগ্রামের বিএসএম গ্রুপের আমদানি করা ১ লাখ ১৬ হাজার টন গম নিয়ে দুটি বড় জাহাজ গত সপ্তাহ থেকে বন্দরের বহির্নোঙর ও কুতুবদিয়া সাগরে অবস্থান করছে। ওই দুটি জাহাজ থেকে ২৪ হাজার টন গম স্থানান্তর করা হয় ১৯টি লাইটার জাহাজে।
গত শনিবার এসব লাইটার জাহাজ গম খালাস করার জন্য কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে ভেড়ে। কিন্তু খালাস শুরু হওয়ার আগেই সেদিন সকাল থেকে হঠাৎ কর্মবিরতি শুরু করে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশ। বন্ধ থাকে পণ্য খালাস। গতকাল রোববারও শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত থাকায় পণ্য খালাস হয়নি।
মোট ৬০টি লাইটার জাহাজে প্রায় ৭০ হাজার টন আমদানি পণ্য আটকা পড়েছে কর্ণফুলী নদীর বাংলাবাজার এলাকায় ১৬টি বেসরকারি ঘাটে।
আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, পণ্য নিয়ে ঘাটে অপেক্ষারত লাইটার জাহাজগুলো থেকে গত দুই দিনে এক টন গমও খালাস করা যায়নি। লাইটার জাহাজ থেকে খালাস বন্ধ থাকায় এর প্রভাবে বড় জাহাজ থেকেও খালাস ব্যাহত হচ্ছে। এভাবে কর্মবিরতি অব্যাহত থাকলে সব আমদানিকারককে কম-বেশি আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
পূর্বঘোষণা ছাড়াই শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করে চট্টগ্রামকেন্দ্রিক লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশ। গেজেট অনুযায়ী বর্ধিত বেতন-ভাতা পুরোপুরি কার্যকর করার দাবিতে এই কর্মবিরতি আহ্বান করে তারা। তবে নৌযান শ্রমিকদের মূল সংগঠন নৌযান শ্রমিক ফেডারেশন জাহাজ মালিকপক্ষের অনুরোধে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মবিরতি স্থগিত করে। জাহাজ মালিক সংগঠনের ১৭ ফেব্রুয়ারি নির্বাচনের পরে নতুন কমিটি বর্ধিত বেতন-ভাতা কার্যকরে পদক্ষেপ নেবে এমন আশ্বাসে মূল সংগঠনটি কর্মবিরতি স্থগিত করার এই ঘোষণা দেয়।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানি পণ্য নিয়ে আসা বড় জাহাজ থেকে প্রথমে লাইটার জাহাজে পণ্য স্থানাস্তর করা হয়। এরপর লাইটার জাহাজ কর্ণফুলীর ওই ১৬ ঘাটে এনে পণ্য খালাস করে। এ ছাড়া বন্দরের বহির্নোঙর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে লাইটার জাহাজে পণ্য নেওয়া হয়।
কর্মবিরতির দ্বিতীয় দিনে বহির্নোঙরে বড় জাহাজ থেকেও পণ্য স্থানান্তরের কাজ ব্যাহত হওয়ার কথা জানান বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এ কে এম শামসুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, বড় জাহাজ থেকে পণ্য স্থানান্তরের জন্য যেসব লাইটার জাহাজ বরাদ্দ দেওয়া হয়েছিল, সেগুলোর সব কটি বহির্নোঙরে নেওয়া যায়নি।
বারবার নৌপথে কর্মবিরতির নামে কার্যত আমদানিকারক ও শিল্পকারখানার মালিকদের জিম্মি করা হচ্ছে বলে মনে করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, এই সমস্যার দ্রুত সমাধান হওয়া উচিত। না হলে কর্মবিরতির কারণে পণ্য পরিবহনে যে বাড়তি ব্যয় হচ্ছে, তা শেষ পর্যন্ত পণ্যের ক্রেতাদের ওপর পড়বে।
এদিকে গতকাল নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের কাছে লেখা এক চিঠিতে কর্মবিরতি নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।
কর্মবিরতির বিষয়ে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, যেসব জাহাজমালিক শ্রমিকদের বর্ধিত বেতন-ভাতা কার্যকর করেননি, তাঁদের জাহাজে কর্মবিরতি চলবে। যাঁরা মেনে নিয়েছেন, তাঁদের জাহাজ কর্মবিরতির আওতার বাইরে থাকবে।