ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন ৭৪ ভারতীয় নাগরিক। তাঁদের ঢাকা থেকে দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু দিল্লির কোনো ফ্লাইট না থাকায় তাঁরা যেতে পারছেন না।বিমানবন্দর থেকে ভারতীয় নাগরিক অঞ্জনা সরকার মুঠোফোনে প্রথম আলোকে জানান, রসায়নবিদদের একটি সম্মেলনে যোগ দিতে তাঁরা সবাই ৯ জুন কুয়ালালামপুরে গিয়েছিলেন। সেখান থেকে ১৬ জুন রাত দুইটায় বিমানের একটি ফ্লাইটে তাঁদের ভোরে ঢাকায় ফেরার কথা ছিল। এরপর সকাল আটটায় বিমানের আরেকটি ফ্লাইটে (বিজি ০৮০৫) তাঁদের দিল্লি যাওয়ার কথা। ১৬ জুন রাত দুইটার ফ্লাইটটি (বিজি ০৯৭) পরদিন শনিবার বিকেল পাঁচটায় কুয়ালালামপুর ছেড়েছে। রাত আটটায় তাঁরা ঢাকায় এসে পৌঁছান। এরপর বিমানের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের জানানো হয়, আগামী দুই দিনে ঢাকা থেকে দিল্লির কোনো ফ্লাইট নেই। তাই বিমান কিছু করতে পারছে না।অঞ্জনা বলেন, ‘আমাদের বেশির ভাগের কাছেই ভারতীয় রুপি ছাড়া আর কোনো মুদ্রা নেই। বিমান কর্তৃপক্ষ এখন আমাদের রাখবে কি না, কিংবা রাখলেও কোথায় রাখবে, তা-ও আমাদের বলছে না। এখন কবে আমরা দিল্লি যেতে পারব, সেটিও আমাদের জানাচ্ছে না।’এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মঞ্জুর মোর্শেদ বলেন, ‘ঢাকা থেকে সমস্যার কারণেই কুয়ালালামপুরে বিমানের ফ্লাইটটি দেরিতে পৌঁছেছিল। ফলে আসতেও দেরি হয়েছে। আমরা তাঁদের হোটেলে থাকার কথা বলেছিলাম। তাঁরা রাজি হননি। আর সোমবারের আগে আমাদের দিল্লিতে বিমানের কোনো ফ্লাইটও নেই। এখন আমরা জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে সিট থাকা সাপেক্ষে তাঁদের পাঠানোর চেষ্টা করছি। এ ছাড়া কলকাতাগামী ফ্লাইটে করে পৌঁছে আমরা তাঁদের সেখান থেকে দিল্লিতে পৌঁছানোর চেষ্টা করছি। বিমানের ফ্লাইটে করে যত দ্রুত সম্ভব আমরা তাঁদের পাঠাব।’