পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কারিগরি প্রতিবেদনটি অনুমোদন না হওয়ায় আটকে গেছে নীলফামারী জেলার গাংবের এলাকায় চাড়ালকাটা নদীর লুপকাটিং (চর অপসারণ) প্রকল্প।প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর ভাটিতে প্রায় ২২ কিলোমিটার এলাকাজুড়ে নদীভাঙন ঠেকানো সম্ভব হবে। রক্ষা পাবে দুটি ইউনিয়নের অসংখ্য ঘরবাড়ি, মসজিদ-মাদ্রাসা, স্কুল, হাটবাজার আবাদি জমিসহ অসংখ্য প্রতিষ্ঠান। চাড়ালকাটা নদীর ভাঙনে প্রতিবছর সর্বস্বান্ত হচ্ছে নীলফামারী সদরের চাপড়া সরমজামী ও কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের কয়েকটি গ্রামের সহস্রাধিক পরিবার। প্রতিবছর সেখানে নতুন করে ভূমিহীন ও গৃহহারা পরিবারের সংখ্যা বাড়ছে। আমলাতান্ত্রিক জটিলতার কারণে ভাঙন ঠেকানোর উদ্যোগ সফল হচ্ছে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।এলাকাবাসী জানান, নিতাই ইউনিয়নের গাংবের হয়ে নদীটি চাপড়া সরমজামী ও নিতাই ইউনিয়নের কয়েকটি গ্রামের ওপর দিয়ে প্রায় ২২ কিলোমিটার ঘুরে আবারও গাংবের এলাকার ৭৫০ মিটার দূর দিয়ে চলে গেছে। পাউবোর উচ্চ পর্যায়ের একটি দল এলাকা পরিদর্শন করে সেখানে ৭৫০ মিটার লুপকাটিং, এক হাজার মিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ, ৫০০ মিটার অবকাঠামো ও গ্রামীণ সড়কের ১০০ মিটার সেতু নির্মাণের প্রস্তাবনা দিয়ে কারিগরি প্রতিবেদন দাখিল করেছে। কারিগরি প্রতিবেদনটি পাউবোর অনুমোদন পেলে এর প্রকল্প তৈরি করা হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।চাপড়া সরমজামী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুর জামান চৌধুরী বলেন, ‘গাংবের এলাকায় ৭৫০ মিটার খনন করে নদীটির গতিপথ পরিবর্তন করে নদীভাঙন ঠেকানো সম্ভব। পাউবোকে বলেছি, তারা মাঠ পরিদর্শন করে এর সম্ভাব্যতা যাচাইও করেছে। পাশাপাশি ওই স্থানে একটা ১০০ মিটার সেতু নির্মাণ করা গেলে নীলফামারী থেকে কিশোরগঞ্জের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার কমে যাবে।’ ২০১০ সালের অক্টোবরে পাউবোর কারিগরি এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত ৭৫০ মিটার লুপকাটিং, এক হাজার মিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ নদীশাসন হিসেবে ৫০০ মিটার প্রতিরক্ষামূলক কাজ এবং লুপকাটিংকে অতিক্রম করতে গ্রামের রাস্তার ওপর ১০০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ বাস্তবায়িত হলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা নেই। পাউবো নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সেখানে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল এলাকা পরিদর্শন করেছে। এখন কারিগরি প্রতিবেদন বোর্ডে জমা আছে। সেটি অনুমোদিত হলে আমরা প্রকল্প প্রস্তাবনা তৈরি করব। সেখানে সেতু নির্মাণসহ ব্যয় হবে ১৫ কোটি ৯৯ লাখ ৬২ হাজার টাকা।’স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূর প্রথম আলোকে বলেন, ‘চাড়ালকাটা নদীভাঙনের ফলে বেশি ক্ষতির মুখে পড়ছেন জেলা সদরের চাপড়া সরমজামী ইউনিয়নবাসী। প্রকল্পটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলেছি।’