আটকে আছে জলবায়ু তহবিলের নয়টি প্রকল্পের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে জলবায়ু তহবিলের প্রায় ১৫ কোটি টাকার নয়টি প্রকল্পের কাজ আটকে আছে। ঠিকাদারদের অভিযোগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামরুজ্জামান তাঁদের কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করেছেন। ঘুষ দিতে রাজি না হওয়ায় তিনি নানা অজুহাতে অর্থ ছাড় করছেন না। এ কারণে অধিকাংশ প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে।
পাউবো সূত্র জানায়, ২০১১-১২ অর্থবছরে ‘জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত নদী ও তৎসংলগ্ন এলাকার নদী শাসন ও কৃষি উন্নয়ন প্রকল্প’র আওতায় উখিয়ার রেজুখাল (নদীর) তীর সংরক্ষণ ও ব্লক স্থাপনে দুটি প্রকল্প, সদরের বাঁকখালী নদীর তীর রক্ষায় তিনটি প্রকল্প, পিএমখালী খাল ও রামুর রাজারকুল খাল খননের চারটিসহ মোট নয়টি প্রকল্পের বিপরীতে প্রায় ১৪ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০১২ সালের ৩০ জুনের মধ্যে সব প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। ঠিকাদারেরা বলছেন, পাউবোর চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নয়টি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. কামরুজ্জামানের ঘুষ-দুর্নীতির কারণে প্রকল্পগুলোর কাজ শেষ করা যাচ্ছে না।
গত বৃহস্পতিবার প্রকল্পের ঠিকাদারেরা ওই কর্মকর্তাকে প্রকল্প পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী, বন ও পরিবেশমন্ত্রী, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে সঞ্চারকলিপি পাঠিয়েছেন।
সঞ্চারকলিপিতে উল্লেখ করা হয়, নয়টি প্রকল্পের কার্যাদেশ দেওয়ার সময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরাদ্দ করা অর্থের বিপরীতে ২ শতাংশ হিসেবে প্রায় ৩০ লাখ টাকা ঘুষ নেন। এখন কাজ শেষ হওয়ার আগ মুহূর্তে আরও ৩০ লাখ টাকা ঘুষ দাবি করছেন। এতে রাজি না হওয়ায় ওই প্রকৌশলী নানা অজুহাতে প্রকল্প কাজের বিপরীতে খরচ করা অর্থ ছাড় দিচ্ছেন না। তাই অধিকাংশ প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে।
রোববার উখিয়ার রেজুখাল প্রকল্প পরিদর্শন করে দেখা যায়, কয়েকজন শ্রমিক সিসি ব্লক পাহারা দিচ্ছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসএস ইঞ্জিনিয়ারিংয়ের মালিক গিয়াস উদ্দিন বলেন, চার কোটি ১৮ লাখ টাকায় তিনি রেজু খালের তীর সংরক্ষণ ও ব্লক স্থাপনের কাজ করছেন। ইতিমধ্যে প্রকল্পের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। কিন্তু তত্ত্বাবধায়ক প্রকৌশলীর ঘুষের চাহিদা পূরণ না করায় তিনি প্রায় দুই কোটি টাকার বিল আটকে দিয়েছেন। তাই অবশিষ্ট কাজ শেষ করা যাচ্ছে না। তিনি বলেন, কাজ শুরুর সময় তিনিও তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে দুই শতাংশ ঘুষ দিতে বাধ্য হন। এখন আবার দুই শতাংশ ঘুষ দিতে রাজি হচ্ছেন না বলে তাঁকে নানাভাবে হয়রানি করা হচ্ছে।
বাঁকখালী তীররক্ষা প্রকল্পের ঠিকাদার মুজিবুর রহমান বলেন, বাঁধ নির্মাণের টাকা পরিশোধ না করায় তিনিও অবশিষ্ট ২৫ শতাংশ কাজ শেষ করতে পারছেন না।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামরুজ্জামান তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, ভালো কাজের জন্য তাগাদা দিচ্ছেন বলে ঠিকাদারেরা জোট বেঁধে তাঁর বিরুদ্ধে লেখালেখি করছেন। এতে তাঁর কিছুই হবে না।