একের পর এক মামলায় আটকে আছে খুলনা টেক্সটাইল পল্লি নির্মাণ প্রকল্প। এ কারণে প্রায় ২৮ হাজার লোকের কর্মসংস্থানের পথও বন্ধ হয়ে আছে। মামলার নিষ্পত্তি না হওয়ায় এমনটি হচ্ছে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ।
কারখানা থেকে জানা যায়, ১৯৩১ সালে বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় নগরের নিউমার্কেট এলাকায় ২৫ দশমিক ৯৯ একর জমির ওপর একটি কটন মিল প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে কারখানাটি জাতীয়করণ করে নাম দেওয়া হয় খুলনা টেক্সটাইল মিল। অব্যাহত লোকসানের অজুহাত দেখিয়ে ১৯৯৩ সালের ১৯ জুন তৎকালীন চারদলীয় জোট সরকার কারখানাটি বন্ধ ঘোষণা করে।
এরপর ১৯৯৯ সালের অক্টোবরে অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে একটি বিশেষ প্রকল্পের অধীনে খুলনা টেক্সটাইল পল্লি স্থাপনের সিদ্ধান্ত হয়। আর এ জন্য ২০০২ সালে স্থাপনা বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। কিন্তু তখন মিলটির কাছে রূপালী ব্যাংক খুলনা শাখার পাওনা ছিল আট কোটি ৭৫ হাজার ৯২ টাকা। ব্যাংক এ টাকা আদায়ের জন্য মালামাল বিক্রির স্থাগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করে। পরে ২০১০ সালে ২৪ ভাগে ভাগ করে মিল এলাকার জমিটি ২৪ জনের কাছে বিক্রি করে ব্যাংকের টাকা ২০১২ সালে শোধ করে দেয় তারা।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, পল্লিটি তৈরি হলে ২৮ হাজার শ্রমিকের কর্মসংস্থান হতো। কিন্তু এ সময় মাহমুদ আলী নামে এক ব্যক্তি কারখানার শেয়ার দাবি করে প্রকল্প বন্ধে আদালতে রিট করেন। এর ফলে উচ্চ আদালত ওই বছরের ১৪ জানুয়ারি এ-সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেন। এর আগে কারখানাটি জাতীয়করণের কিছু দিন পর মাহমুদ আলী একইভাবে শেয়ার দাবি করে উচ্চ আদালতে মামলা করেন। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তৎকালীন অ্যাটর্নি জেনারেল তাঁর আবেদনটি খারিজ করে দেন। একইভাবে ২০১৪ সালের শুরুতে মাহমুদ আলীর আবেদনটিও খারিজ হয়ে যায়। এর বিরুদ্ধে তিনি উচ্চ আদালতের আপিল বিভাগে আপিল করেছেন।
অন্যদিকে স্থানীয় বাসিন্দা মজিদ সরদার মিলের জমিতে তাঁর জমি আছে দাবি করে ২০১১ সালের সাত ফেব্রুয়ারি খুলনা জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। কিন্তু তথ্য-প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় মামলাটি খারিজ হয়ে যায়। পরে তিনি মে মাসের শেষে জেলা যুগ্ম জজ আদালতে মামলা দায়ের করেন। মামলাটি এখনো বিচারধীন।
বর্তমানে মিলে দেখাশোনার জন্য ২১ কর্মকর্তা ও কর্মচারী আছেন। প্রতি মাসে বেতন বাবদ খরচ হয় এক লাখ ৬০ হাজার টাকা। নাম প্রকাশ না করার শর্তে কারখানার দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন, মামলার বিষয়টি আপিল বিভাগের একটি বেঞ্চ রায় দিলেই হয়ে যায়। আর সেটি হলেই দ্রুত কাজ শুরু হবে।
কারখানার মহাব্যবস্থাপক সাইফুর রহমান (অতিরিক্ত দায়িত্বে) প্রথম আলোকে বলেন, ‘মাহমুদ আলীর আপিলের শুনানি হলেই রায় আমাদের পক্ষে চলে আসবে। তা ছাড়া মজিদ সরদারও নিম্ন আদালতে হেরেছেন। আশা করছি এই রায়টাও আমরা পাব।’