আটকে আছে নরেন্দ্র মোদির ঢাকা সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর আটকে আছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় স্থলসীমান্ত চুক্তি ভারতীয় পার্লামেন্টে অনুমোদনের অপেক্ষায় থাকাই এর কারণ। গতকাল বৃহস্পতিবার ভারতের ইংরেজি দৈনিক ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চিঠি হস্তান্তর করেন। ওই চিঠিতে শিগগিরই ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেন মোদি।
ধারণা করা হয়, ঢাকা সফরের জন্য মোদি পার্লামেন্টের অবকাশকালীন সময় বেছে নেবেন। তাই চলতি মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুতে তিনি ঢাকা সফর করতে পারেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকা ও দিল্লি আশা করছে, ভারতের পার্লামেন্টের চলতি অধিবেশনেই স্থলসীমান্ত চুক্তি অনুমোদন হবে। চলতি অধিবেশন শেষ হবে ২০ মার্চ। ২০ এপ্রিল আবার অধিবেশন ডাকা হবে।
বিশ্বকাপ ক্রিকেট শুরুর আগে গত মাসে শেখ হাসিনাকে ফোন করে মোদি বলেছিলেন, ভারতের পররাষ্ট্রসচিব জয়শঙ্কর ‘ভালো খবর নিয়ে ঢাকা যাচ্ছেন’। এটা ছিল তাঁর শিগগিরই ঢাকা সফরের একটা ইঙ্গিত। এ ছাড়া এই অঞ্চলে দিল্লির সবচেয়ে কাছের নিরাপত্তা অংশীদার হলো বাংলাদেশ ও ভুটান। বোঝা যাচ্ছে যে, ঢাকা সফরের সময় মোদি বাংলাদেশের উন্নয়ন ও অবকাঠামো খাতে ঋণ-সহায়তার ঘোষণা দিতে পারেন।
২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় ভারত বাংলাদেশের জন্য ১০০ কোটি ডলার সহায়তার ঘোষণা দেয়।
সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকা সফরের সময় স্থলসীমান্ত চুক্তির বিষয়ে তাঁর দলের সমর্থন পুনর্ব্যক্ত করেন। যদিও তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে সরাসরি কোনো ঘোষণা দেননি তিনি।
ভারতের বিগত সরকারের সময় ঢাকা-দিল্লি স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। তবে ভারতের পার্লামেন্টে মতৈক্য না হওয়ায় সেটা ঝুলে আছে।