প্রধানমন্ত্রীর ঘোষণার ২২ মাস পরও অর্থ মন্ত্রণালয়ের সম্মতি না পাওয়ায় খুলনার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের জাতীয়করণ আটকে আছে। কিন্তু প্রধানমন্ত্রীর ২৪ জানুয়ারি খুলনা সফরের আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা একটা ফল পাওয়ার আশা করছেন।সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে কথা বলে জানা গেছে, ২০১১ সালের ৫ মার্চ খালিশপুরের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। ওই ঘোষণার পর ১০ মার্চ প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ নজরুল ইসলাম খান শিক্ষাসচিবকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের জন্য লেখেন। শিক্ষা মন্ত্রণালয় ২০ মার্চ থেকে পর্যায়ক্রমে খুলনার খালিশপুরে হাজী মুহম্মদ মুহসীন কলেজ, রূপসার বঙ্গবন্ধু কলেজ, খুলনা নগরের মডেল মাধ্যমিক বিদ্যালয়, ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও দৌলতপুর মুহসীন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেয়। এরই পরিপ্রেক্ষিতে ১৪ মাস পর গত ১৬ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমানুর রশীদ প্রতিষ্ঠানগুলো কমিটির মাধ্যমে পরিদর্শন করে প্রতিবেদন জমা দেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ মে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণের জন্য নীতিগত অনুমোদন দেন। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের নিয়োগ ও পদোন্নতি স্থগিত করে সরকারের অনুকূলে সব সম্পত্তির ‘দানপত্র দলিল’ করতে বলেন। ১৯ জুন শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর জাতীয়করণের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সব কাগজ অর্থ মন্ত্রণালয়ের সম্মতির জন্য পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয় থেকে জাতীয়করণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।হাজী মুহম্মদ মুহসীন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস কে শাজাহান মোল্লা বলেন, ‘খুলনার মানুষ প্রধানমন্ত্রীর ঘোষণায় আশায় বুক বেঁধেছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতায় আমরা এখন হতাশ!’ রূপসার বঙ্গবন্ধু কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর মোল্লা বলেন, ‘আমাদের কলেজটি জাতীয়করণ না হওয়ায় আমরা উৎকণ্ঠার মধ্যে আছি। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ খুলনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মাহমুদ আলম বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের খামখেয়ালিপনার কারণে আজও প্রধানমন্ত্রীর ঘোষণা বস্তবায়িত হলো না। তাই প্রধানমন্ত্রীর খুলনা সফরের আগেই তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।’ একই ধরনের কথা বলেন হাজী মুহম্মদ মুহসীন কলেজের অধ্যক্ষ এম এ রউফ, খুলনা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি খান আতিয়ার রহমান প্রমুখ।শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজুল ইসলাম জানান, হাজী মুহম্মদ মুহসীন কলেজের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। আর অন্য প্রতিষ্ঠানগুলোর বিষয়ও প্রক্রিয়াধীন।অর্থসচিব ফজলে কবির জানান, বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে।