আটকে আছে ২২ লাখ টাকার কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে রাজনৈতিক কোন্দল ও ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের কারণে একটি ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজ বন্ধ রয়েছে। অথচ উপজেলার অন্য পাঁচটি ইউনিয়নে কাজ শুরু হয়েছে ১৪ নভেম্বর থেকে।খোঁজ নিয়ে জানা গেছে, নাজিরপুর ইউনিয়নে ২০১১-১২ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (প্রথম পর্যায়) কর্মসূচির আওতায় ৩২০ জনের জন্য ২২ লাখ ৪৩ হাজার টাকা বরাদ্দ মেলে। কিন্তু নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আয়ুব আলীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি প্রকল্প বাস্তবায়ন কমিটিতে পছন্দের লোকদের রেখেছেন। পাশাপাশি নিজের খেয়ালখুশিমতো অতিদরিদ্রের নামের তালিকা তৈরি করে জমা দিয়েছেন। এ ব্যাপারে সাংসদ মনোনীত প্রতিনিধিরা গত ৩০ অক্টোবর প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।সাংসদ মনোনীত প্রতিনিধি আজিজুল হক ও আবদুর রাজ্জাক বিশ্বাস অভিযোগ করেন, চেয়ারম্যান আয়ুব আলী টাকা আত্মসাৎ করার জন্যই সরকার মনোনীত সদস্যদের কমিটি থেকে বাদ দিয়েছেন। এতে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হবে।অভিযোগের ব্যাপারে ইউপি চেয়ারম্যান আয়ুব আলী দাবি করেন, শতভাগ নিয়ম মেনে কমিটি গঠন ও তালিকা প্রস্তুত করা হয়েছে। কোনো সন্দেহ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিরা যাচাই-বাছাই করে দেখতে পারেন। তিনি বলেন, ‘অভিযোগকারীরা তাঁদের পছন্দের ১০০ জনের নামের তালিকা চেয়েছিলেন। না দেওয়ায় তাঁরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। তাঁদের ওই অভিযোগের কারণেই ইউনিয়নটিতে কর্মসংস্থান কর্মসূচির কাজ শুরু হচ্ছে না।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, বিবদমান সমস্যা নিরসনে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে সবার সঙ্গে সমন্বয় করে কমিটি ও অতিদরিদ্রদের নামের তালিকা জমা দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু চেয়ারম্যান তা জমা না দেওয়ায় ওই ইউনিয়নে হতদরিদ্র প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।