আটকে গেছে কালাই ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ
কথিত একটি ‘স্বেচ্ছাসেবী সংস্থা’র কারণে দেড় বছর ধরে জয়পুরহাটের কালাই উপজেলা সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজ আটকে আছে। প্রায় আড়াই কোটি টাকার জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালাই উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের জন্য ২০০৬ সালের ২৭ মার্চ কালাই পৌর এলাকার থুপসারা মৌজার ৩৮৬ দাগে ৩৩ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। এ জমির মূল্য নির্ধারণ করা হয় এক লাখ ৭৭ হাজার ৫৬৮ টাকা। ওই টাকা সরকারের অধিগ্রহণ শাখায় জমা দিয়ে সিভিল ডিফেন্স বিভাগ ২০০৭ সালের ৫ নভেম্বর জমির দখল বুঝে পায়। এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় আড়াই কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়।এরপর গণপূর্ত অধিদপ্তর অবকাঠামো নির্মাণের দরপত্র প্রক্রিয়া শুরু করে। এ সময় জমির সরকার-নির্ধারিত মূল্য গ্রহণ না করে অতিরিক্ত মূল্যের জন্য জমির মালিক মনোয়ারা বেগম জেলা জজ আদালতে একটি মামলা করেন। আদালতে মামলা চলা অবস্থায় কোনো প্রকার নিষেধাজ্ঞা না থাকায় গণপূর্ত অধিদপ্তর ২০০৯ সালে ফায়ার সার্ভিস স্টেশন ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। ২০০৯ সালের ১৪ জুন কার্যাদেশ পেয়ে ফায়ার স্টেশন ভবন নির্মাণের কাজ শুরু করে ‘মেসার্স প্রগতি নির্মাণ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণকাজের প্রায় ৯০ শতাংশ শেষ হওয়ার পর ২০১০ সালের মাঝামাঝি মোজাফ্ফর হোসেন নামে এক ব্যক্তি নিজেকে ‘অ্যাকশন-ইন বাংলাদেশ’ নামে সংস্থার নির্বাহী পরিচালক দাবি করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২০১০ সালের ৬ জুন তিন মাসের স্থগিতাদেশ দেন।মোজাফ্ফর হোসেন দাবি করেন, ‘২০০৬ সালে জনস্বার্থে জায়গাটি তাঁর শাশুড়ি মনোয়ারা বেগম অ্যাকশন-ইন বাংলাদেশ-এর নামে “ওছিয়তনামা” করে দিয়েছেন। ওই জায়গায় সংস্থার প্রধান কার্যালয় নির্মাণের পরিকল্পনা ছিল।’ নিম্ন আদালতে শাশুড়ির করা মামলার ব্যাপারে তিনি বলেন, ‘বিষয়টি জানা নেই।’উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ এস এম কাওছার রহমান বলেন, অ্যাকশন-ইন বাংলাদেশ কালাই সমাজসেবা বিভাগ থেকে নিবন্ধন নিলেও কার্যক্রম চালায় ক্ষেতলাল উপজেলায়। এমনকি কালাই উপজেলায় সংস্থাটির কার্যালয়ও ছিল না। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জয়পুরহাটের উপসহকারী পরিচালক ইমদাদ হোসেন বলেন, কালাই ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িসহ পাম্পও বরাদ্দ হয়েছে। কিন্তু উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে কাজটি মাঝপথে আটকে আছে। মামলার সর্বশেষ অবস্থান জেনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী আনিছুজ্জামান ইবনে ওমর বলেন, ‘অসমাপ্ত কাজ শেষ করার ব্যাপারে গত দেড় বছরে একাধিকবার গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা চেয়ে পত্র পাঠানো হয়েছে। কিন্তু অদ্যাবধি কোনো সাড়া মেলেনি।’