রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্র নির্মাণের জন্য আট কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে ছয়তলা ভবন। কেনা হয়েছে যন্ত্রপাতি। কিন্তু মেয়াদ পার হয়ে গেলেও একটি দলীয় কার্যালয়ের কারণে প্রকল্পটি বাস্তবায়ন করা যাচ্ছে না।
পিডিবি বলছে, রাজশাহী নগরের গৌরহাঙ্গা এলাকায় অবৈধভাবে তাদের জায়গা দখল করে গত সিটি করপোরেশন নির্বাচনের সময় কার্যালয়টি করা হয়। এখন আর সেটি সরানো হচ্ছে না। ১৮ সেপ্টেম্বর কোনো দলের নাম উল্লেখ না করে কার্যালয়টি উচ্ছেদে আবেদন করা হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, ওই কার্যালয়ে কোনো সাইনবোর্ড নেই। তবে সামনে একটি ব্যানার ঝোলানো রয়েছে। তাতে লেখা, বাংলাদেশ আওয়ামী লীগ, মহানগর আঞ্চলিক অফিস, গৌরহাঙ্গা, রাজশাহী।
রাজশাহী পিডিবি সূত্র জানায়, ওই প্রকল্পের নাম বিন্দুর মোড় ৩৩/১১ কিলোভোল্ট গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন (জিআইএস)। এটি দেশে এ ধরনের দ্বিতীয় প্রকল্প। প্রথমটি করা হয়েছে চট্টগ্রামে। এটি মূলত একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্র। এখান থেকে ১৪টি ফিডার লাইনের মাধ্যমে নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। রাজশাহীর পবার কাটাখালী থেকে একটি ৩৩ কিলোভোল্ট উৎস লাইন এর সঙ্গে সংযুক্ত থাকবে। এ ছাড়া নগরের শালবাগান এলাকার সঙ্গে এটির একটি রিং লাইন যুক্ত থাকবে। কোনো কারণে ওই এলাকার লাইন ‘ফল’ করলে এ কেন্দ্র থেকে তারা সরাসরি বিদ্যুৎ নিতে পারবে। এটি হবে কেপিআই-১ (কি পয়েন্ট ইনস্টলেশন)-এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান। বর্তমানে নগরে চারটি বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে। সেগুলো থেকে লাইনের দূরত্ব বেশি হওয়ার কারণে ঠিকমতো ভোল্টেজ পাওয়া যায় না। এই বিতরণ কেন্দ্র চালু হলে এ সমস্যা থাকবে না। তা ছাড়া এখান থেকে ছোট ছোট অনেক ফিডার লাইন দেওয়া হবে। তখন লোড নিয়ন্ত্রণ সহজ হবে। কম এলাকায় লোডশেডিং হবে।
২০১৪ সালের ৮ অক্টোবর প্রকল্পটির কার্যাদেশ দেওয়া হয়। এর ভবন তৈরি হলেও ‘সেপটিক ট্যাংক’ ও ‘সোক ওয়েল’-এর জন্য নির্ধারিত জায়গা দখল করে রয়েছে কার্যালয়টি। তারা জায়গা না ছাড়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে বসে রয়েছে। কাজ শেষ করার মেয়াদ ছিল ১৮ মাস। সে সময় পার হয়ে গেছে। অবস্থা বিবেচনা করে আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
১৮ সেপ্টেম্বর প্রকল্প ব্যবস্থাপক আজাহারুল হক মোল্লা পিডিবির ক্রয় পরিদপ্তরের পরিচালক বরাবর একটি চিঠি দিয়েছেন। এতে কোনো দলের নাম উল্লেখ না করে শুধু রাজনৈতিক দলের কার্যালয়ের বিবরণ দিয়ে তা উচ্ছেদ করার জন্য আবেদন জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তারা একাধিকবার স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহযোগিতা চেয়েছেন কিন্তু তারা জায়গাটি দখলমুক্ত করতে ব্যর্থ হয়েছে।
গতকাল ওই কার্যালয়ে গিয়ে দেখা যায়, এর সামনে একটি পানের দোকান। তার পেছনেই কার্যালয়টি। চাটাইয়ের বেড়া ও ওপরে টিনের ছাউনি দেওয়া কার্যালয়টির কোনো সাইনবোর্ড নেই। এর ভেতরে একটি টেবিল ও কয়েকটি চেয়ার রয়েছে। সামনে একটি ব্যানার ঝোলানো। এতে লেখা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, মহানগর আঞ্চলিক অফিস, গৌরহাঙ্গা, রাজশাহী। ভেতরে কয়েকজন যুবক বসে ছিলেন। কার্যালয়ের জমির প্রসঙ্গে জানতে চাইলে ভেতর থেকে একজন বলেন, এটি একটি অর্পিত সম্পত্তি। এই জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। কাগজপত্র দেখলে চাইলে তাঁরা দেখাতে পারবেন। তাঁরা এ ব্যাপারে রাজশাহী মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খানের সঙ্গে কথা বলতে বলেন।
মুঠোফোনে দেলোয়ার হোসেন খান বলেন, কার্যালয়টি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি লিটন ভাই করে দিয়েছেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান বলেন, ‘সরকারি জায়গা হলে অবশ্যই কার্যালয়টি ছেড়ে দিতে হবে।’ তিনি জানতে চান, কে তাঁর নাম বলেছে। দেলোয়ার হোসেন খানের নাম বলা হলে খায়রুজ্জামান বলেন, তিনি তাঁর (দেলোয়ার হোসেন খান) সঙ্গে কথা বলবেন।
নাম প্রকাশ না করার শর্তে রাজশাহী পিডিবির একজন কর্মকর্তা বলেন, প্রকল্প এলাকায় তাঁদের ১৭-১৮ কাঠা জমি ছিল। পাশে রাস্তার মধ্যে ছয়-সাত কাঠা গেছে। বাকিটা রয়ে গেছে। এর আধা শতাংশের ওপর দলীয় কার্যালয়টি করা হয়েছে। তারা জমির দলিল দেখালে অবশ্যই তা জাল হবে।