আটকে গেছে স্মৃতিসৌধ নির্মাণ
স্বাধীনতার ৪৩ বছরেও নীলফামারীর সৈয়দপুরে গড়ে ওঠেনি একটি কেন্দ্রীয় স্মৃতিসৌধ। অথচ মুক্তিযুদ্ধের ভয়াবহ স্মৃতির সাক্ষী এই সৈয়দপুর। এখানের চার হাজার শহীদের স্মরণে চলতি বছরের শুরুতে এখানে একটি কেন্দ্রীয় স্মৃতিসৌধ নির্মাণ ও গোলাহাট বধ্যভূমি সংরক্ষণের কাজ শুরু হয়। কিন্তু অর্থাভাবে এসব কাজ বন্ধ হয়ে আছে।
মুক্তিযোদ্ধা সংসদ সৈয়দপুর উপজেলা কমান্ডের কমান্ডার একরামুল হক জানান, দেশের আর দশটি শহরের মতো ছিল না সৈয়দপুরের পরিস্থিতি। অবাঙালি অর্থাৎ বিহারিরা পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষাবলম্বন করে বাঙালিদের ওপর নির্যাতন শুরু করে। এ শহরে প্রত্যক্ষ লড়াই শুরু হয় ২৪ মার্চ। আবার বিজয় অর্জিত হয় বিজয় দিবসের দুদিন পর ১৮ ডিসেম্বর। তবে যুদ্ধের ভয়াবহতা ছিল ডিসেম্বর মাসজুড়ে। এ শহরে বিজয়ের পরও হত্যাযজ্ঞ চালাতে থাকে বিহারিরা।
মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন বেগ বলেন, ‘আমার বাবা মির্জা মাহতাব বেগ। তাঁর নেতৃত্বে আমরা সৈয়দপুর সেনানিবাসে হামলার পরিকল্পনা করি। ২৪ মার্চ ভোরে আমরা দুই শতাধিক গ্রামবাসী নিয়ে বের হই। কিন্তু সৈয়দপুর শহরের বাঁশবাড়ী মহল্লার কাছে পাকিস্তানি বাহিনী ও বিহারিদের বাধার মুখে পড়ি। শুরু হয় যুদ্ধ। ওই যুদ্ধে প্রথম শহীদ হন আমার বাবা মাহতাব বেগ। মুক্তিযুদ্ধের সেই অসামান্য স্মৃতি ধরে রাখতে আজও কোনো স্মৃতিসৌধ গড়ে ওঠেনি।’
সৈয়দপুরে স্মৃতিসৌধ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব অধ্যাপক সাখাওয়াৎ হোসেন বলেন, ‘শহরের অফিসার্স কলোনিতে কেন্দ্রীয় স্মৃতিসৌধ নির্মাণ কাজে হাত দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমরা ওই খাতে ১০ লাখ টাকা ব্যয় করেছি। তবে স্থানীয় সাংসদ শওকত চৌধুরী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে স্মৃতিসৌধ ও বধ্যভূমি সংরক্ষণে ব্যয় করছেন। আমরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে লিখেছি। আশা করছি সেখান থেকে অনুদান মিলবে।’
স্মৃতিসৌধ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা জিকরুল হক বলেন, ‘আমরা সাভারের জাতীয় স্মৃতিসৌধের আদলে সৈয়দপুরে একটি মুক্তিযুদ্ধের স্মারক স্তম্ভ গড়ে তুলছি। ৩৫ ফুট উচ্চতায় এ স্মৃতিসৌধ নির্মাণে ব্যয় হবে প্রায় আড়াই কোটি টাকা। বিজয় দিবসে স্মৃতিসৌধে উদ্বোধন হলো না ঠিকই। তবে নতুন বছরে স্বাধীনতা দিবসে এর উদ্বোধন হবে। স্মৃতিসৌধের ২০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ এখন অর্থাভাবে বন্ধ রয়েছে।’
স্থানীয় সাংসদ শওকত চৌধুরী বলেন, ‘সৈয়দপুরের চার হাজার শহীদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতেই স্মৃতিসৌধ নির্মাণে উদ্যোগী হয়েছি। যত অর্থই ব্যয় হোক, সরকার সৈয়দপুরের স্মৃতিসৌধ নির্মাণে সহায়তা দেবে। আশা করছি অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সরকার শিগগিরই সার্বিক সহায়তা দেবে।’