আটকে গেছে ১৫০ কোটি টাকার আবাসন প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার নতুন উপশহর এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ১৫০ কোটি টাকার পরিকল্পিত আবাসন প্রকল্পের কাজ আটকে গেছে। ওই এলাকায় বস্তির অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গত ২০ জানুয়ারি সাত দিনের সময় দিয়ে দখলদারদের নোটিশ দেন জেলা প্রশাসক (ডিসি)। কিন্তু তারা এখনো স্থাপনা সরিয়ে নেয়নি।দখলদারেরা উপশহর পার্কের কাঁটাতারের সীমানার ভেতরে বাঁশ-খুঁটি নিয়ে নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণ করতে গেলে স্থানীয় লোকজন তাতে বাধা দেয়। এ ছাড়া তারা পার্কের সীমানায় বস্তি না বসানোর দাবিতে ৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেয়।এ ব্যাপারে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যশোরের উপবিভাগীয় প্রকৌশলী দীপক কুমার সরকার জানান, জায়গা খালি না হওয়া পর্যন্ত ঠিকাদারেরা নির্মাণকাজের দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না। এ কারণে থমকে গেছে প্রকল্পের কার্যাদেশ। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যশোর উপবিভাগ কার্যালয় সূত্র জানায়, পরিকল্পিত আবাসনব্যবস্থার লক্ষ্যে উপশহর এলাকার পাঁচ একর জমির ওপর ‘১০ তলা ফ্ল্যাট বিল্ডিং প্রকল্পের’ আওতায় ১৪টি আধুনিক মানের ১০ তলা ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ভবনে ৩৬টি ফ্ল্যাট থাকবে। সে হিসাবে মোট ৫০৪টি ফ্ল্যাট নির্মিত হবে। প্রকল্পের পরিকল্পনায় খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, স্কুল, মসজিদসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলা আছে। নিরাপত্তার জন্য সীমানাপ্রাচীর ও প্রহরা কক্ষ থাকবে। নিচতলায় গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা থাকবে। পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে দরখস্ত আহ্বান করে লটারির মাধ্যমে সাধারণ জনগণের কাছে ভবনের ফ্ল্যাট হস্তান্তর করা হবে। ২০ বছরের দীর্ঘমেয়াদি কিস্তিতে ফ্ল্যাটের টাকা পরিশোধ করা যাবে।প্রকল্পের প্রথম পর্যায়ে ৪২ কোটি টাকা ব্যয়ে চারটি ভবন নির্মাণ করা হবে। এ কাজের জন্য নয়টি দরপত্র জমা পড়েছে। দরপত্র যাচাই-বাছাইয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিলেই কাজ শুরু হবে।বস্তির বাসিন্দা ফরিদ হোসেন বলেন, ‘৪০ বছর ধরে আমরা হাউজিংয়ের এই জমিতে বাস করছি। উপশহর পার্কের পাশে হাউজিংয়ের জমিতে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করলে আমরা বস্তির জায়গা ছেড়ে দেব। পুনর্বাসনের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে।’জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, হাউজিং কর্তৃপক্ষ বস্তি উচ্ছেদ করতে বললে জেলা আইনশৃঙ্খলা কমিটির আগামী সভায় বিষয়টি উত্থাপন করে বুলডোজার দিয়ে বস্তির স্থাপনা ভেঙে দেওয়া হবে।