আটকে পড়া এফভি সোনারগাঁও জাহাজটি ফিরে এসেছে
কক্সবাজারের টেকনাফের সাগরে প্রায় দেড় হাজার পর্যটক নিয়ে আটকে পড়া জাহাজটি ফিরে এসেছে। এফভি সোনারগাঁও জাহাজটি গতকাল শুক্রবার সকাল সাতটায় নিরাপদে টেকনাফে ফিরে আসে।গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সেন্ট মার্টিন থেকে টেকনাফে ফেরার পথে সাগরের মাঝখানে জাহাজটির দুটি ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়ে। রাত নয়টার দিকে জাহাজের একটি ইঞ্জিন চালু হলে যাত্রা শুরু হয়। কিন্তু রাতের আঁধারে জাহাজটি পথ হারিয়ে আবারও একটি চরে আটকে পড়ে।খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন, ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাসানের নেতৃত্বে চারটি অনুসন্ধান দল তিনটি স্পিডবোটযোগে জাহাজটির খোঁজে রাতে সাগরে অনুসন্ধান চালায়। রাত সাড়ে ১১টার দিকে জাহাজটির খোঁজ পাওয়া যায়। জাহাজটি শাহপরীর দ্বীপ বদরমোকাম এলাকার চরে আটকে পড়েছিল।