আটকে পড়া দুই চালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে আটকা পড়েন বাস দুটির চালকেরা। তাঁদের উদ্ধারে ছুটে আসে স্থানীয় জনতা আর ফায়ার ব্রিগেড। উদ্ধারকর্মীরা মুমূর্ষু অবস্থায় তাঁদের দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁদের মৃত্যু হয়।মানিকগঞ্জ সদর উপজেলার মুলজানে গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনায় আহত হন আরও ৪০ জন বাসযাত্রী। তাঁদের মধ্যে ২১ জনকে ভর্তি করা হয়েছে সদর হাসপাতালে। পাঁচজনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়কের ওপর পড়ে থাকায় আটকা পড়ে শত শত যানবাহন। সৃষ্টি হয় যানজটের। এ সময় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-০৪৬৯ ) বেলা একটার দিকে মুলজান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী ঈগল পরিবহনের অপর একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-১৫২০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর আহত যাত্রীরা বের হতে পারলেও বাসের সামনের থেঁতলে যাওয়া অংশে আটকা পড়েন বাস দুটির চালক শংকর (৫০) ও ইব্রাহীম (৫২)।দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত বাসযাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। কিন্তু আটকেপড়া চালকদের উদ্ধারে ব্যর্থ হন। চোখের সামনে দুটি মানুষের করুণ পরিণতি দেখে কাঁদতে থাকেন অনেকেই। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যরা। তাঁরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে মুমূর্ষু অবস্থায় আটকে পড়া চালকদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান ঈগল পরিবহনের চালক শংকর আর মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান চালক ইব্রাহিম।মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুভাষ চন্দ্র বাড়ৈই জানান, দুর্ঘটনায় বাস দুটির সামনের অংশ থেঁতলে যাওয়ায় আটকে পড়েন চালকেরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও উন্নত যন্ত্রের অভাবে উদ্ধারকাজ চালানো হয় সনাতন পদ্ধতিতেই। এ কারণে সময় বেশি লাগে। আর এই দীর্ঘ সময় আটকে থাকার কারণে সময়মতো চিকি ৎ সা না পেয়ে মারা যান তাঁরা। তিনি জানান, বাস দুটির মুখোমুখি সংঘর্ষে তাঁদের পা থেঁতলে যায় আর প্রচণ্ড আঘাত পান বুকে।