আটকে পড়া পর্যটকদের ২১৭ জন ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে আটকে পড়া ২৩১ পর্যটকের মধ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে ২১৭ জন টেকনাফে ফিরে এসেছেন। ছোট পাঁচটি ট্রলারে করে জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা টেকনাফে ফেরেন।সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকলেও পর্যটকেরা নিজেদের উদ্যোগে ঝুঁকি নিয়ে গতকাল দুপুরে কাঠের ট্রলারে করে টেকনাফ গেছেন।জানা যায়, সেন্ট মার্টিন দ্বীপ থেকে সাগর পাড়ি দিয়ে শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে তীরে উঠে পর্যটকদের অনেকে হাউমাউ করে কান্নাকাটি শুরু করেন। নিরাপদে ফিরে আসার খবরটি অনেকে মুঠোফোনে পরিবারের সদস্যদের জানাতে ব্যস্ত হয়ে পড়েন। গত মঙ্গলবার সকালে এই পর্যটকেরা টেকনাফ থেকে জাহাজে করে সেন্ট মার্টিনে যান।পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম গতকাল বিকেলে জানান, সাগর উত্তাল এবং ৩ নম্বর সতর্ক সংকেত বলবৎ থাকায় তিন দিন ধরে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে পড়া ১৪ পর্যটককে ফিরিয়ে আনা হবে।কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শহিদুল ইসলাম জানান, বুধবার রাত নয়টার দিকে নিম্নচাপটি দুর্বল হয়ে কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম করেছে। এটি বাংলাদেশ-মিয়ানমারের উত্তর-পূর্ব দিকে অগ্রসরে হয়ে ক্রমে দুর্বল হয়ে পড়ছে। এ কারণে কক্সবাজারকে ৪ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন গতকাল বিকেলে জানান, নিম্নচাপটি কেটে গেলেও সাগর এখনো উত্তাল।