আটকে পড়া যাত্রীদের সেবায় ওরা কজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে আটকে পড়া লঞ্চযাত্রীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছেন একদল তরুণ–তরুণী l ছবি: প্রথম আলো
চাঁদপুরে আটকে পড়া লঞ্চযাত্রীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছেন একদল তরুণ–তরুণী l ছবি: প্রথম আলো

চাঁদপুর লঞ্চঘাটে গত সোমবার রাতে প্রায় ২০০ যাত্রী আটকা পড়েন। এর মধ্যে গতকাল মঙ্গলবার ১৫০ যাত্রী নিজ উদ্যোগে গন্তব্যে চলে যান। ৫০ জন একটি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আটকে পড়া যাত্রীদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান পেয়ে ১২ জন তরুণ-তরুণীর একটি দল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে লঞ্চযাত্রীদের কাছে যায়। দলটি ব্যক্তিগত উদ্যোগে যাত্রীদের কলা, রুটি ও খাওয়ার পানি কিনে দেয়। জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে আটকে পড়া যাত্রীদের সাহ্রি খাওয়ার ব্যবস্থা করা হয়।
জানতে চাইলে পৌরসভার কাউন্সিলর ফরিদা ইলিয়াস বলেন, পৌরসভার পক্ষে লঞ্চযাত্রীদের স্থানীয় হোটেল ও রেস্তোরাঁয় নিয়ে সাহ্রি খাওয়ার ব্যবস্থা করা হয়। এতে চাঁদপুর নৌ-পুলিশ সহায়তা করে।
চাঁদপুর নদীবন্দরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, চাঁদপুর লঞ্চঘাটে আটকে পড়া এসব যাত্রী ট্রেনে করে চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশে চাঁদপুর এসে আটকা পড়েন। গতকাল সকালে নিজ উদ্যোগে অন্তত ১৫০ জন গন্তব্যে চলে যান। তবে ৫০ জন যাত্রীর একটি দল পশ্চিম শ্রীরামজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়।
ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে সোমবার দুপুর থেকে চাঁদপুরে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এ কারণে যাত্রীরা আটকা পড়েন। গতকাল সকাল থেকে চাঁদপুরে থেমে থেমে বৃষ্টি হয়। ৪ নম্বর বিপৎসংকেত থাকায় গতকালও চাঁদপুর থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।