আটকে পড়া ১২৭ মিয়ানমার নাগরিক স্বদেশে ফিরে গেছেন
মিয়ানমারের সীমান্ত ছাউনিতে হামলার জের ধরে বাংলাদেশে আটকে পড়া ১২৭ মিয়ানমার নাগরিক গত দুদিনে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে অভিবাসন কেন্দ্র (ইমিগ্রেশন) জেটি দিয়ে স্বদেশে ফিরে গেছেন। নিজ দেশে ফিরতে ইচ্ছুক ১০০ জনকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দুটি ট্রলারে করে পাঠানো হয়। আর গতকাল বুধবার পাঠানো হয় ২৭ জনকে।
গত রোববার ভোরে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তের কাছে রক্ষীদের তিনটি ছাউনিতে সমন্বিত হামলায় অন্তত ১৪ জন নিহত হয়। তাদের মধ্যে নয়জনই ছিল পুলিশ। হামলার জন্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনকে (আরএসও) দায়ী করেছেন মিয়ানমারের একজন কর্মকর্তা। ওই ঘটনার পর থেকে টেকনাফ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যের আওতাধীন যাত্রী পারাপার বন্ধ হয়ে পড়ায় বাংলাদেশে আসা মিয়ানমারের অনেক নাগরিক আটকে পড়েন।
টেকনাফ অভিবাসন কেন্দ্র সূত্র জানায়, বিভিন্ন সময়ে সীমান্ত বাণিজ্যের আওতায় তিন দিনের বর্ডার পাস নিয়ে মিয়ানমার থেকে টেকনাফ বন্দর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে আসে সে দেশের নাগরিকেরা। তবে রোববার সীমান্ত ছাউনিতে সশস্ত্র হামলায় অস্ত্র-গুলি লুট হওয়ায় টেকনাফ-মিয়ানমার যাত্রী পারাপার হঠাৎ বন্ধ করে দেয় মিয়ানমার কর্তৃপক্ষ।
অবশেষে গতকাল বুধবার বিকেলে স্বদেশে ফিরতে ইচ্ছুক মিয়ানমারের ২৭ নাগরিককে একটি ট্রলারে করে যেতে সহায়তা করে বাংলাদেশ কর্তৃপক্ষ। আর ১০০ জনকে আজ বৃহস্পতিবার বিকেলে দুটি ট্রলারে করে পাঠানো হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ স্থলবন্দরের অভিবাসন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডাটা অ্যান্ট্রি অপারেটর মো. আনোয়ার হোসেন বলেন, গত দুই দিনে মিয়ানমারের আটকে পড়া ১২৭ নাগরিককে তিনটি ট্রলারে করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। অন্যদের পাঠানোর ব্যবস্থা নিতে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি বলেন, ‘দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’